হরতালে মাঠে ছিলেন না নেতারা, তবু 'সফল'
বগুড়ায় গতকাল শনিবার বিএনপির ডাকা আধা বেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
তবে বগুড়ার এই হরতালের কারণে রাজধানীমুখী ও উত্তরবঙ্গফেরত দূরপাল্লার যাত্রীদের সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
রাস্তাঘাটে কোনো মিছিল-মিটিং ও পিকেটিং চোখে পড়েনি। হরতাল-সমর্থক কোনো নেতা-কর্মীও মাঠে ছিলেন না। কিন্তু দিন শেষে সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় হরতাল সফল হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কৌশলগত কারণেই ছুটির দিনে হরতাল ডাকা হয়েছে এবং হরতাল স্বতঃস্ফূর্তভাবে সফল হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলা থেকে সকালে রাজধানীসহ রাজশাহী, পাবনা, ময়মনসিংহ ও দক্ষিণবঙ্গগামী বহু বাস ছেড়ে আসে। কিন্তু হরতালের কারণে এসব বাস গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এসে আটকা পড়ে। এতে গন্তব্যের উদ্দেশে বের হওয়া অনেক যাত্রীকে চরম দুর্ভোগে পড়তে হয়। একইভাবে রাতে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে আসা বহু বাস আটকা পড়ে শেরপুরের চান্দাইকোনায়। এতে মাঝরাস্তায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
ছুটির দিনে ডাকা এ হরতালকে অযৌক্তিক বলছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, ন্যায়সংগত কারণ ছাড়াই ডাকা এ অযৌক্তিক হরতালে শহরবাসী কেউ সাড়া দেননি। মাঝখান থেকে মহাসড়কে যান চলাচল করতে না দেওয়ায় আধা বেলা রাজধানী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থেকেছে রাজশাহী ও রংপুর বিভাগের ১১ জেলার মানুষ।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, হরতাল করার অধিকার প্রত্যেক রাজনৈতিক দলের রয়েছে। কিন্তু একটি বিস্ফোরক মামলায় আদালত নেতা-কর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন—এর প্রতিবাদে বিএনপি ছুটির দিনে হরতাল ডেকেছে। এই হরতাল আসলে কতটুকু যৌক্তিক ছিল সেটা ওই দলের নেতারাই ভালো বলতে পারবেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। সবকিছুই ছিল স্বাভাবিক, শহরের রাস্তায় যান চলাচল করেছে, বিআরটিসির বাস চলেছে। মাঝখান থেকে শুধু ভোগান্তি পোহাতে হয়েছে মহাসড়কে আটকে পড়া দূরপাল্লার বাসযাত্রীদের।
শহর ঘুরে দেখা গেছে, সংখ্যায় কম হলেও সকাল থেকেই শহরের রাস্তায় রিকশা-অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল করেছে। নিউমার্কেট ছাড়া শহরের অধিকাংশ এলাকার দোকানপাট খুলেছে। সকাল থেকে পুলিশি পাহারায় বিআরটিসির বাসও চলাচল করেছে। শহরের কোথাও মিছিল-পিকেটিং ছিল না। রেলস্টেশন থেকে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। তবে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ ছিল।
সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির হঠাৎ ডাকা হরতালে ভোগান্তিতে পড়েন কয়েক শ যানবাহনের যাত্রী। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এসে আটকে পড়ে।