হরতালে মাঠে নেই জামায়াত, ছিল জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের তৃতীয় দফায় গতকাল বুধবারও রাজধানী ঢাকায় হরতালের তেমন প্রভাব ছিল না। সরকারি-বেসরকারি অফিস খোলা ছিল। বিপণিবিতান, ব্যবসাপ্রতিষ্ঠানেও বেচাকেনা চলেছে। রাস্তায় গণপরিবহনের চলাচলও ছিল প্রায় স্বাভাবিক। কোথাও কোথাও যানজট চোখে পড়েছে। তবে রাতে রাজধানীতে তিনটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের আমির মতিউর রহমান নিজামী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী এবং সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে দলিট এ হরতালের ডাক দেয়। আজ বৃহস্পতিবারও হরতাল রয়েছে, চলবে কাল শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত।
হরতালের সমর্থনে দলটির তেমন কোনো কর্মসূচি এই কদিন দেখা যায়নি। তবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জামায়াত দাবি করেছে, রাজধানীর রমনা, তেজগাঁও, গুলশান, বনানীসহ ১৫টি স্থানে হরতালের সমর্থনে কর্মসূচি পালন করেছে জামায়াত ও শিবির।
হরতালবিরোধীরা গতকালও রাস্তায় সরব ছিল। কোনো কোনো জায়গায় হরতালবিরোধী মিছিলের কারণে রাস্তায় চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শ্যামলী রিংরোডে এ রকম একটি মিছিল দেখা যায়। পরে মিছিলটি শ্যামলী খেলার মাঠের সামনে রাস্তায় সমাবেশ করে। এ সময় রাস্তার একপাশ সংকুচিত হয়ে যান চলাচল বাধাগ্রস্ত হয়। মিরপুর ১ নম্বর, সাড়ে ১১ নম্বর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় এ রকম হরতালবিরোধী কর্মসূচি দেখা গেছে।
রাজধানী থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়নি। তবে স্বল্প দূরত্বে বাস চলেছে। রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বেলা ১১টা পর্যন্ত দূরপাল্লার বাসগুলো গাবতলীতে এসে থেমেছে। তবে কোনো বাস ছেড়ে যায়নি। অবশ্য স্বল্প দূরত্বে ধামরাই, মানিকগঞ্জ, পাটুরিয়াঘাট পর্যন্ত বাস চলাচল করেছে। সায়েদাবাদ থেকে কুমিল্লা-হোমনা ও ব্রাহ্মণবাড়িয়ার বাস চলতে দেখা গেছে। মাওয়া ঘাট, মুিন্সগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন পথের বাসগুলো নিয়মিত চলেছে। মহাখালী থেকে নরসিংদী, ভৈরব, ময়মনসিংহ, ভালুকা, গাজীপুরের বিভিন্ন পথের বাস চলাচল করেছে।
রাজধানীতে বিপণিবিতান, দোকানপাট প্রায় সবই খোলা ছিল। তবে বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতা ছিল স্বাভাবিকের তুলনায় কম। হরতালের কারণে রাজধানীর কাঁচাবাজারে সবজি সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল। বিক্রেতারা বলছেন, হরতাল থাকায় উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে স্বাভাবিক সবজির চালান আসছে না। মাছের বাজারেও আমদানি কম ছিল।
২০ জন আটক: প্রথম আলোর সংশ্লিষ্ট জেলার প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকেরা জানান, হরতালে নাশকতা সৃষ্টির চেষ্টা ও পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে গতকাল বুধবার ও মঙ্গলবার রাতে কয়েকটি জেলায় ২০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বরিশালে জামায়াতের উপজেলা কমিটির সাবেক আমির সাঈদ আহম্মেদসহ (৫০) দলটির পাঁচজন নেতাকে আটক করা হয়েছে। রংপুরে মহানগর জামায়াতের আমির নূর হোসেন কাসেমী, ময়মনসিংহের নান্দাইল পৌরসভার জামায়াতের আমির মো. শফিউল্লাহ এবং ঢাকার দোহার উপজেলায় ছাত্রশিবিরের সদস্য রবিউল ইসলাম (২৫) ও নারিশা ইউনিয়ন সেক্রেটারি শেখ ফরিদকে (২৫) আটক করেছে পুলিশ।
এদিকে রাত আটটার দিকে ফার্মগেটে যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী একটি মিনিবাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মিনিবাসের চালক স্বপন মিয়া জানান, কারওয়ান বাজার থেকে ওঠা ৮-১০ জন যুবক যাত্রীদের ভয় দেখিয়ে বাস থেকে নামিয়ে দিয়ে বাসের পেছনে আগুন ধরিয়ে নেমে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।