হরতালে যান চলাচলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামে পালিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনার ডাকা হরতাল।

নগরের বহদ্দারহাট, মুরাদপুর, ডিসি মোড়, আন্দরকিল্লা এলাকায় হরতালকারীরা অবস্থান নিয়েছেন। ওই সব এলাকায় তাঁরা যান চলাচলে বাধা দিচ্ছেন।

এ ছাড়া চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন উপজেলায় যাওয়ার সংযোগ সড়কগুলোতে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দিচ্ছেন হরতালকারীরা।

সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরের বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সারা দেশে এ হরতাল ডাকা হয়েছে।

নগর পুলিশের বিশেষ শাখার নিয়ন্ত্রণ কক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন বলেন, সকাল ছয়টা ৪০ মিনিটে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। নগরে তুলনামূলকভাবে কম টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলছে।