হরতালে রাজধানীতে সরব ছিল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে গতকাল সোমবার রাজধানীর রাজপথে সরব ছিলেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগ।

গতকাল সকাল থেকেই রাজধানীর সব গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের কড়া পাহারা ছিল। পুলিশের পাশাপাশি বিভিন্ন স্থানে সরকারি দলের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়।

বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকায় কয়েক হাজার নেতা-কর্মীকে জমায়েত করে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। তাঁরা হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেন।

একই সময়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় হরতালবিরোধী সমাবেশ করে সম্মিলিত আওয়ামী সমর্থকগোষ্ঠী। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। বক্তৃতায় তিনি দাবি করেন, হরতাল দিয়েছে বিএনপি, আর মাঠে আওয়ামী লীগ। খালেদা জিয়া তাঁর নেতা-কর্মীদের মাঠে নামাতে ব্যর্থ হয়েছেন। এ জন্য খালেদা জিয়াকে আজই পদত্যাগ করা উচিত।

একই সমাবেশে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, জোটের ভাঙন ঠেকাতে এবং জঙ্গিবাদীদের আশ্রয় দিতে হরতাল দিয়েছেন খালেদা জিয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনেসহ আরও কয়েকটি এলকায় হরতালবিরোধী মিছিল বের করে ছাত্রলীগ।

এ ছাড়া পুরানা পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকায় হরতালবিরোধী মিছিল করে জাতীয় শ্রমিক লীগ। তাদের মিছিলে রাজধানীর বিভিন্ন শাখা শ্রমিক লীগের নেতা-কর্মীরা অংশ নেন। ফার্মগেট, মিরপুর ও দারুসসালাম এলাকায় ঢাকা মহানগর যুবলীগ উত্তর; কারওয়ান বাজার এলাকায় তেজগাঁও থানা আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগের ওয়াসা শাখা; যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় আওয়ামী লীগ ও বাড্ডায় স্বেচ্ছাসেবক লীগ হরতালবিরোধী মিছিল করে।