রাস্তায় চেনা যানজট ছিল না। তবে কর্মব্যস্ত মানুষের চলাচল থেমে থাকেনি।
জামায়াতে ইসলামীর ডাকে গতকাল রোববার থেকে শুরু হওয়া দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীতে সকাল থেকেই বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ গণপরিবহন চলেছে। প্রায় একই চিত্র ছিল চট্টগ্রাম, সিলেটসহ বিভাগীয় ও বড় জেলা শহরগুলোতে। তবে শান্তিপূর্ণ হরতাল হলেও চট্টগ্রামের সাতকানিয়ায় হরতাল-সমর্থকদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছে মাইক্রোবাসের যাত্রী এক শিশু। এ ঘটনায় তার বোড় বোনও আহত হয়েছে। নারায়ণগঞ্জে ভাঙচুরের পর বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন শিবিরের কর্মীরা। বগুড়া ও রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা।
রাজধানীর দুটি এলাকায় দুপুরে বাসে ঢিল ছোড়া হয়, রাতে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া সন্ধ্যার পর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ধানমন্ডির বাসার কাছে ককটেলের বিস্ফোরণ ঘটে।
এদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে আগামী বৃহস্পতিবারও হরতাল ডেকেছে জামায়াত। দলের পক্ষ থেকে গতকাল পাঠানো এক বিবৃতিতে নতুন করে আগামী বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
এর আগে গত বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে দুই দফায় ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। গত বৃহস্পতিবার প্রথম দফার হরতাল শেষে গতকাল সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার হরতাল চলছে এখন।
বৃহস্পতিবারের হরতালের মতো গতকালও বড় শহরগুলোতে সকালের দিকে বিপণিবিতান ও দোকান বন্ধ থাকলেও দুপুরের পর অধিকাংশই চালু হয়। স্বাভাবিক ছিল সারা দেশে ট্রেন ও লঞ্চ চলাচল। তবে ব্যক্তিগত গাড়ি কম চলেছে এবং বিভিন্ন মহাসড়কেও দূরপাল্লার বাস চলেনি। তবে সন্ধ্যার পর রাজধানীর আশপাশের জেলাগুলো থেকে কিছু মালবাহী ট্রাক শহরে ঢুকেছে।
হরতালের সমর্থনে সারা দেশে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের। রাজধানীসহ কিছু জেলায় ঝটিকা মিছিলের চেষ্টা করেছেন দলের নেতা-কর্মীরা।
এদিকে হরতালকে কেন্দ্র করে নাশকতার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ১০ জেলা থেকে ৮৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে আটজন, সাতক্ষীরায় ১৪, বগুড়ায় পাঁচ, নারায়ণগঞ্জে ছয়, পটুয়াখালীর দুমকিতে দুই, পঞ্চগড়ে পাঁচ, ফরিদপুরে আট, কুড়িগ্রামে ২৬, দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ ও ফেনী থেকে ১১ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক হওয়া ব্যক্তিদের বেশির ভাগই জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এর বাইরে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন। তাঁদের অনেককেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আন্ধারমার দরগাহ এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসে হামলা করেন শিবিরের কর্মীরা। তাঁরা পাথর ছুড়ে মারলে গাড়িতে থাকা দুই বোন আহত হয়। তারা হলো সাদিয়া আকতার (৭) ও তাঁর বড় বোন সালমা আকতার। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সালমা জানায়, তাদের বাড়ি টেকনাফ, চট্টগ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে তাদের দুই বোনকে অন্য যাত্রীদের সঙ্গে একটি ভাড়া করা মাইক্রোবাসে তুলে দেন স্বজনেরা। গাড়ি আন্ধারমার দরগাহ এলাকায় পৌঁছালে সাত-আটজন যুবক মাইক্রোবাস লক্ষ্য করে ইট ও পাথর ছুড়ে মারেন। এতে গাড়ির কাচ ভেঙে পাথরের আঘাতে সে ও তার বোন আহত হয়। সাদিয়ার মুখ থেঁতলে যায়। পরে গাড়ির অন্য যাত্রীরা তাদের হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে সাদিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্লিনিকের চিকিৎসকেরা জানান, পাথরের আঘাতে সাদিয়ার মুখ থেঁতলে গেছে। তার মাথায়ও আঘাত লেগেছে। নাক দিয়ে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, শিবিরের কর্মীরা চোরাগোপ্তভাবে পাথর ছুড়ে মাইক্রোবাসের কাচ ভাঙচুর করেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মাইক্রোবাসে হামলার বিষয়ে সাতকানিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তৌফিক এলাহীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের চাঁদমারী এলাকায় সকালে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল থেকে একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে শিবিরের কর্মীদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে শর্টগানের কয়েকটি গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করে পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক নাছির আহম্মেদ বলেন, আটক হওয়া যুবকেরা শিবিরের কর্মী।
এ ছাড়া সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় শিবিরের কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় চার-পাঁচটি বাস ভাঙচুর করা হয়।
বগুড়া: হরতাল-সমর্থকেরা সকালে টায়ার জ্বালিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। বাঁধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে তাঁরা ককটেল নিক্ষেপ করেন। এ সময় ফাঁকা গুলি ছুড়ে হরতাল-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশ জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আটক করে।
রাজশাহী: নগরের রায়পাড়ায় দুপুরে রেললাইনের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন শিবিরের কর্মীরা। বেলা একটার দিকে শালবাগান এলাকার আলম পেট্রলপাম্পের সামনে থেকে শিবিরের কর্মীরা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। পুলিশও শর্টগানের কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এর পরপর সেখানে বিজিবি মোতায়েন করা হয়।
এ ছাড়া সকাল সাড়ে ছয়টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার দেওয়ানপাড়ায় রাজশাহী-ঢাকা মহাসড়কে কাঠ ফেলে ও খড় জ্বালিয়ে অবরোধ করেন। তবে পুলিশ পৌঁছার আগেই তাঁরা পালিয়ে যান।
সকাল সাড়ে আটটার দিকে রানীবাজার এলাকায় বোয়ালিয়া জোনের সহকারী কমিশনারের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন শিবিরের কর্মীরা। পুলিশ গাড়ি থেকে নামতে নামতেই তাঁরা পালিয়ে যান। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান বলেন, শহরে র্যা ব ও বিজিবির টহল রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আট কর্মীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। হরতালের মধ্যে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানির কাজ চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিলেট: সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন জামায়ত-শিবিরের কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতা-কর্মীরা পালিয়ে যান। নগরের মিরাবাজারে ঝটিকা মিছিল থেকে ১০ থেকে ১৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটান কর্মীরা। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নগরের চৌকিদেখি এলাকায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। দুপুরের পর নগরের আম্বরখানা থেকে সুবিদবাজার পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করে জামায়াত।
চট্টগ্রাম: সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেন। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সকাল সাড়ে সাতটার দিকে খুলশীর শহীদ লেন এলাকায় ঝটিকা মিছিল বের করেন। হরতালে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের পর কিছুসংখ্যক ব্যক্তিগত গাড়িও রাস্তায় চলেছে।
রাজধানীতে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক: প্রেসক্লাবের সামনে বেলা একটার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করেন জামায়াতে ইসলামীর কর্মীরা। এ সময় তাঁরা ঢিল ছুড়ে কয়েকটি বাস ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করলে তাঁরা তোপখানা রোডে ব্যানার ফেলে পালিয়ে যান।
সকাল সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর সাতমসজিদ রোডে সিটি হাসপাতালের সামনে হরতাল-সমর্থকেরা ঢিল ছুড়ে কয়েকটি বাস ভাঙচুর করেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভাঙচুরের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে।
সকাল থেকে রাজধানীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। চলে র্যা বের টহলও। সকাল থেকে রাজধানীতে বাস, বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) দ্বিতল বাস, হিউম্যান হলার ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু করলেও প্রাইভেট কার চলেনি। বেলা বাড়ার সঙ্গে যানবাহনের সংখ্যা বেড়ে যায়। দুপুর ১২টার পর মিরপুর ১০ নম্বর, বিজয় সরণি চৌরাস্তা, ফার্মগেট, কারওয়ান বাজার, হোটেল রূপসী বাংলা ক্রসিংসহ বিভিন্ন সড়কে গণপরিবহনের চাপ ছিল চোখে পড়ার মতো।
সন্ধ্যার পর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সোয়া সাতটার দিকে বাসার গেটের সামনে আসতেই জামায়াত-শিবিরের কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। পাশের বাসার একটি গাড়িও ভাঙচুর করে।’ এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা।
যেগাযোগ করা হলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া সন্ধ্যার পর ধানমন্ডির ৮/এ নম্বর সড়কে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন বলেন, রাত আটটার দিকে দুর্বৃত্তরা ধানমন্ডির ৮/এ নম্বর সড়কে একটি যাত্রাবাহী বাসে পেট্রল ছিটিয়ে আগুন দেয়। এ সময় যাত্রীরা বাস থেকে দ্রুত নিরাপদে নেমে যেতে সক্ষম হয়। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা।}