হরতালে সাড়া নেই
দেশব্যাপী জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতাল গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এ দিন মানুষের জীবনযাত্রা ছিল প্রথম দিনের চেয়েও স্বাভাবিক। হরতাল-সমর্থকদের মধ্যেও ছিল অনেকটা গা-ছাড়া ভাব। কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর, পেট্রলবোমা নিক্ষেপ ও পুলিশের সঙ্গে পিকেটারদের ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে বই উৎসবের কারণে গতকাল প্রতিটি স্কুলই খোলা ছিল। খোলা ছিল বেশির ভাগ বিপণিবিতান ও দোকান। ট্রেন, লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস ছাড়েনি। সংখ্যায় কিছুটা কম হলেও চলাচল করেছে গণপরিবহন। ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল কম। বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে ৩৯ জনকে।
রাজধানীর চিত্র: নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানীতে হরতাল-সমর্থকদের কোনো তৎপরতা চোখে পড়েনি। বছরের প্রথম দিনে নতুন বই নিতে এই নগরের স্কুলগুলোতে ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি।
গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় বিভিন্ন এলাকায় সকাল থেকেই অফিসমুখী মানুষকে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে দুপুরের পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিকেলে কয়েকটি সড়কে যানজটও লাগে।
সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকায় রাস্তার ওপর থাকা একটি মিনিবাসে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে কেউ হতাহত হননি। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গাবতলী থেকে সায়েদাবাদ পথে চলাচলকারী (৮ নম্বর বাস) খালি বাসটি রাস্তায় দাঁড়িয়ে ছিল। পুলিশ বাসের পাশ থেকে তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে।
ঢাকার বাইরে: নারায়ণগঞ্জ শহরের ইসদাইর অক্টো অফিস এলাকায় হরতাল-সমর্থকেরা ঝটিকা মিছিল থেকে একটি বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় আরেকটি বাস ভাঙচুর করেন তাঁরা। বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে মহানগর জামায়াতের নায়েবে আমির বজলুর রহমান (৫৫) ও সদস্য সুলতান খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। হরতালের প্রথম দিন পুলিশের ওপর হামলার অভিযোগ ও এক পুলিশসদস্যের হাত কামড়ে দেওয়ার ঘটনায় করা মামলায় বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয় তাঁদের। মামলায় অজ্ঞাতনামা আট-দশজন জামায়াত-শিবিরের কর্মীকে আসামি করা হয়েছে।
রাজশাহী নগরের মনিচত্বর এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। বোয়ালিয়া থানার ওসি খন্দকার নূর হোসেন বলেন, ওই স্থানে শিবিরের কর্মীরা রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ গেলে ইটপাটকেল ও তিনটি হাতবোমা ছোড়েন তাঁরা। একপর্যায়ে দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। তখন পুলিশ দুটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় ও শর্টগানের ২৬টি ফাঁকা গুলি ছোড়ে।
সাতক্ষীরায় নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাত থেকে গতকাল ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হলেন আনিচুর রহমান, রুহুল আমিন, মো. কামরুল ইসলাম, আনতাজুল, মনিরুজ্জামান, আল আমিন হোসেন, মো. একরামুল হোসেন, মো. আলামিন, ইব্রাহিম হোসেন, মনিরুল ইসলাম, অহেদ আলী গাজী, শফিউল্লাহ বিশ্বাস, মো. মাজেদ গাজী, শফিকুল মিস্ত্রি, ওয়াজেদ আলী, হারুন মোল্লা, আবু সাঈদ মো. আবদুল ওহাব, আবদুল মাজেদ, আবদুল মালেক গাজী ও আবদুস সামাদ শেখ।
লক্ষ্মীপুরের কমলনগরে মঙ্গলবার ছাত্রশিবির ও যুবলীগের মধ্যে সংঘর্ষের এক ঘটনায় করা মামলায় আবদুল মান্নান, রাহাত হোসেন ও সজীব নামের তিন শিবিরের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও সাতক্ষীরা; বরিশাল অফিস এবং নারায়ণগঞ্জ ও রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি}