হরতালের কারণে পেছাল 'জাগরণযাত্রা'
জামায়াতের ডাকা হরতালের কারণে গণজাগরণ মঞ্চের ‘জাগরণযাত্রা’র সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
আজ বুধবার বিকেলে মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘হরতালের কারণে জাগরণযাত্রার পরিবর্তিত সময়সূচি’ উল্লেখ করা হয়।
পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবারের বদলে পর দিন শুক্রবার সকাল আটটায় শাহবাগ থেকে জাগরণযাত্রা শুরু হবে। এদিন বেলা তিনটায় ঝিনাইদহে, চুয়াডাঙ্গাতে বিকেল সাড়ে চারটায় ও মেহেরপুরে সন্ধ্যা ছয়টার দিকে পথসভা-সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
পরদিন শনিবার কুষ্টিয়ায় সকাল ১০টায়, ঈশ্বরদীতে বেলা ১১টায়, পুঠিয়াতে বেলা দুইটায় ও রাজশাহীতে বেলা সাড়ে তিনটায় একই কর্মসূচি রয়েছে।
রোববার তেঁতুলিয়া হয়ে ঢাকায় আসার কথা থাকলেও আগের দিন অর্থাৎ শনিবার বিকেলই তাঁরা ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন ইমরান এইচ সরকার। তিনি প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ। হরতাল প্রতিরোধে সারা দেশের সব গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল হবে। এরই অংশ হিসেবে হরতালের তিন দিনই সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান নেবেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।