হরতাল-অবরোধে কোনো জনসমর্থন নেই: নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, হরতাল-অবরোধে কোনো জনসমর্থন নেই। সারা দেশের মধ্যে উত্তরাঞ্চলের রংপুরের মিঠাপুকুর ও গাইবান্ধার পলাশবাড়ীসহ মাত্র কয়েকটি স্থানে নাশকতার ঘটনা ঘটছে। এসব এলাকার সর্বস্তরের মানুষকে একত্র হয়ে পাড়া-মহলায় সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কমিটি গঠন করতে হবে। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।
উপজেলা ১৪ দল ও স্থানীয় মোটর মালিক-পরিবহন শ্রমিক সংগঠন আয়োজিত জনসভায় মন্ত্রী বলেন, জামায়াতকে নিয়ে দল গঠন করে সহিংসতায় মেতেছেন খালেদা জিয়া। বিএনপি-জামায়াত চলন্ত গাড়িতে পেট্রলবোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করছে। তাই নাশকতাকারীদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘নাশকতাকারীরা নিরপরাধ শ্রমিকদের পুড়িয়ে মারবে, সেটা মানা যায় না।’
পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান, সাংসদ ইউনুস আলী সরকার, আবুল কালাম আজাদ, মোটর মালিক ফেডারেশনের মহাসচিব এনায়েত উলাহ, শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি ওসমান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।