হরতাল-অবরোধের বিরুদ্ধে নৌমন্ত্রীর সংগঠনের সমাবেশ
হরতাল-অবরোধ কর্মসূচির বিরুদ্ধে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে সোহ্রাওয়ার্দী উদ্যানে ৩০ জানুয়ারি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
এই সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এই সমাবেশের উদ্যোক্তাও তিনি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন পরিষদের শীর্ষ পদেও রয়েছেন শাজাহান খান। এসব সংগঠন নিয়েই ২০ জানুয়ারি শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ গঠন করা হয়।
সমাবেশ উপলক্ষে বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন শাজাহান খান। গতকাল রোববার মতিঝিলে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে সমন্বয় পরিষদের সভা হয়। সেখানে কোন কোন সংগঠন কত লোকের জোগান দেবে, সেই প্রতিশ্রুতি চাওয়া হয় নৌমন্ত্রীর পক্ষ থেকে।
আজ সোমবার দিলকুশার বিসিআইসি ভবনে ব্যাংক, বিমা, বিদ্যুৎ, পানি, গ্যাস, ওয়াসা ও কেমিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে সমাবেশ সফল করার লক্ষ্যে বৈঠকের কর্মসূচি রয়েছে।
একাধিক সংগঠনের নেতারা জানান, সমাবেশে প্রচুর লোকসমাগম নিশ্চিত এবং ৩০ জানুয়ারির পরও নানা কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের মাঠে রাখার তাগিদ দিচ্ছেন নৌমন্ত্রী।
গতকালের মতবিনিময় সভায় শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন সরকারকে লক্ষ্য করে নয়, তাদের প্রধান লক্ষ্য জনগণ। এই হরতাল-অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটে খাওয়া শ্রমিক। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মতবিনিময় সভায় পোশাক খাতের শ্রমিকনেতারাও বক্তৃতা করেন।