হর্ন ও বাঁশি বাজিয়ে সহিংসতার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষকে দগ্ধ করাসহ চলমান বিভিন্ন অরাজকতার বিরুদ্ধে মন্ত্রী এবং অন্যান্য মানুষ হর্ন ও বাঁশি বাজিয়ে প্রতিবাদ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত বাংলাদেশ সচিবালয়–সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে এবং বেলা একটায় যানবাহনের হর্ন ও বাঁশি বাজিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এ প্রতিবাদ জানান তাঁরা।

নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, মৎস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের (যাত্রী পরিবহন) চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ, শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সদস্যসচিব আবদুল মালেক মিয়া প্রমুখ এ প্রতিবাদ জানান। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আজ সারা দেশে পূর্বনির্ধারিত এ ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
নৌমন্ত্রী বলেন, হীনস্বার্থ চরিতার্থ করার জন্য খালেদা জিয়া পাকিস্তানি কায়দায় নিরীহ মানুষকে হত্যা করছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় খালেদা জিয়ার ‘সন্ত্রাসী’ আন্দোলন ব্যর্থ হবে।
তথ্য মন্ত্রী বলেন, বর্বর খালেদা জিয়া ’৭১–এর মতো বর্বরতা চালাচ্ছে। আগুন দিয়ে মানুষ পোড়ানো বন্ধ করতে খালেদা জিয়ার প্রতি তিনি আহ্বান জানান।