হর্ষবর্ধন শ্রীংলাকে সম্মেলনে আমন্ত্রণ জানাল বিএনপি
ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলাকে দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন রাজধানীর গুলশানে ভারতের হাইকমিশনে গিয়ে তাঁকে আমন্ত্রণপত্র দেন।
হাইকমিশন থেকে বেরিয়ে আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, হর্ষবর্ধন শ্রীংলা বিএনপির সম্মেলনের আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন। তিনি বলেন, ১৯ মার্চ ভারত ও বাংলাদেশের মধ্যকার একটি প্রকল্পের অনুষ্ঠান আছে। ওই অনুষ্ঠান শেষে সম্ভব হলে তিনি আসার চেষ্টা করবেন।
আসাদুজ্জামান রিপন বলেন, আমন্ত্রণপত্র দিতে গেলে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা কিছু স্মৃতিচারণ করেন। শ্রীংলা তাঁকে বলেছেন, ২০১২ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন রাষ্ট্রীয় আমন্ত্রণে ভারত সফরে গিয়েছিলেন, তখন তিনি খালেদা জিয়ার কর্মসূচিতে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত ছিলেন।