হলের কক্ষের আসন দখলে নিতে ছাত্রলীগের সংঘর্ষ
আবাসিক হলের কক্ষের আসনের দখল নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের শহীদ আবদুর রব হলে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের উপপক্ষ বাংলার মুখ ও ভার্সিটি এক্সপ্রেস। এতে বাংলার মুখের অন্তত তিন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ছাত্রলীগ সূত্র জানায়, শহীদ আবদুর রব হলের ২৪৭ নম্বর কক্ষে ৪টি আসন রয়েছে। তিনটি আসন বাংলার মুখের (বিএম) কর্মীদের দখলে। আর একটিতে থাকেন ভার্সিটি এক্সপ্রেসের এক কর্মী (ভিএক্স)। তবে বিএমের তিনটি আসনে থাকতেন পাঁচজন।
ভিএক্সের কর্মীরা কক্ষ থেকে আসনের অতিরিক্ত দুজনকে বের করে দিতে চেয়েছিলেন। এ নিয়ে দুই উপপক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয় দুপুরে। পরে রাত ৯টার দিকে হলের ভেতর সংঘর্ষে জড়ান নেতা–কর্মীরা। এ সময় চারটি কক্ষ ভাঙচুর করা হয়। এরপর বিএমের নেতা–কর্মীদের ধাওয়া দিয়ে বের করে দেয় ভিএক্স। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে আহত কেউ হাসপাতালে চিকিৎসা নেননি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল কর্তৃপক্ষ।
বিএমের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক আবু বক্কর প্রথম আলোকে বলেন, কক্ষের আসন নিয়ে জুনিয়রদের মধ্যে হাতাহাতি হয়েছে। বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে। ভিএক্সের নেতা প্রদীপ চক্রবর্তীও একই কথা বলেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুই উপপক্ষের নেতা–কর্মীদের সঙ্গে বসে সমাধান করা হচ্ছে।