
স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়া চাঁদপুর জেলার হাইমচরের উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে তাঁকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
গতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে তুলকাই সেতুর উদ্বোধন শেষে গতকাল ওবায়দুল কাদের বলেন, ‘দল থেকে সে বহিষ্কার। এটা আমাদের নেত্রীর নির্দেশ।’
গত সোমবার হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতীকী মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
চাঁদপুর প্রতিনিধি জানান, নূর হোসেনের বিরুদ্ধে হাইমচরে গত বৃহস্পতিবার প্রতিবাদী ঝাড়ু মিছিলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় দলীয় কার্যালয়ে ভাঙচুর করে একটি পক্ষ। এ ঘটনায় গতকাল উপজেলা আওয়ামী লীগের অফিস সহকারী মিজানুর রহমান পাটোয়ারী বাদী হয়ে দলীয় সহসভাপতি শাহজাহান পেদা ও স্থানীয় বিএনপি নেতা আবদুল জলিল মাস্টারসহ ১৪ জন নেতা-কর্মী ও অজ্ঞাত আরও ২০-২২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে তদন্তের দায়িত্বে থাকা চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারওয়ার জাহান গতকাল সকালে চাঁদপুর সার্কিট হাউসে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে সাক্ষীদের পক্ষে-বিপক্ষে বক্তব্য এসেছে। তিন কার্যদিবসে এই তদন্ত শেষ করে স্থানীয় সরকার বিভাগে জমা দেওয়া হবে।
জামালপুরে মামলা, মানববন্ধন
জামালপুর প্রতিনিধি জানান, মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ছাত্রদের কাঁধে হাঁটার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বাদী হয়ে ওই বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন, শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আছালত জামান ও একজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর শহরের দয়াময়ী এলাকায় মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার জেলা শিশু সুরক্ষা কমিটি আয়োজিত এ মানববন্ধনে বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে অবরোধসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন।
গত রোববার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে স্কাউট দলের ছাত্ররা একটি মানবসেতু নির্মাণ করেছিল। তার ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি এবং বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন।