হাওরে কৃষকদের ঋণ মওকুফের দাবি গণফোরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন গণফোরামের নেতা-কর্মীরা। তাঁরা বলেছেন, অতিসত্বর হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার পাশাপাশি ওই অঞ্চলের কৃষকদের নেওয়া ঋণ মওকুফ করা হোক। 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল থেকে এই দাবি জানান তাঁরা। হাওরবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান নিয়ে গণফোরামের ঢাকা মহানগর কমিটি এ সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করেছে।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর গণফোরামের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ বলেন, হাওর অঞ্চলে যে অবস্থা তৈরি হয়েছে, তা মানুষের তৈরি। এর জন্য দায়ী ব্যক্তিদের নাম গণমাধ্যমে এসেছে। তাঁদের বিচার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি চলছে। ১৪২টি হাওরের বাঁধ ভেঙে ধানের জমি ভাসিয়ে দিল, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সব দুর্নীতি রুখতে আহ্বান জানান।
গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার বলেন, হাওরের ওই অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের ঘরবাড়ি নির্মাণে সুদমুক্ত ঋণ দেওয়া হোক। পাশাপাশি এক বছরের জন্য তাঁদের নেওয়া ঋণ মওকুফ করা হোক।
প্রতিবাদ সমাবেশে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সিদ্দিকুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিকুল্লাহ, মহিলাবিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিনসহ মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য দেন। সমাবেশ শেষে গণফোরামের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।