হাছান মাহমুদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংসদ হাছান মাহমুদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পক্ষে এ অভিযোগ করা হয়।
এ ছাড়া আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের আরেকটি অভিযোগ এনেছে চট্টগ্রাম নাগরিক আন্দোলন। মনজুর আলম নাগরিক আন্দোলনের ব্যানারে সিটি নির্বাচন করছেন।
সাংসদ হাছান মাহমুদের বিরুদ্ধে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত কয়েক দিন বিভিন্ন সভা-সমাবেশে তিনি মেয়র পদপ্রার্থী মনজুর আলমের বিরুদ্ধে অশালীন, উসকানিমূলক এবং ব্যক্তিগত চরিত্রহননমূলক বক্তব্য দিয়েছেন। যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য হুমকি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে সাংসদ হাছান মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি।
অন্য অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণ বিধিমালা বারবার লঙ্ঘন করে আ জ ম নাছির উদ্দিন বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা এবং সমাবেশ করছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। দলীয় প্রার্থীর পক্ষে ডিজিটাল ব্যানার টাঙিয়ে তাতে ভোট চাওয়া হচ্ছে।
ব্যানার জব্দ: মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের ছবি ব্যবহার করে আয়োজিত সভায় তাঁর পক্ষে ভোট চাওয়ায় দুটি অনুষ্ঠানস্থল থেকে ব্যানার খুলে নিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। এ সময় তাঁর ছবিসংবলিত বেশ কিছু পোস্টারও ছিঁড়ে ফেলা হয়। গতকাল সন্ধ্যায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং লেডিস ক্লাবে অনুষ্ঠান দুটি চলছিল।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অনুষ্ঠানে প্রকৌশলী সমাবেশের আয়োজন করে ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম। লেডিস ক্লাবে আয়োজন করে চট্টগ্রামের সীতাকুণ্ডবাসী।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশের প্রবেশপথে টানানো বড় ব্যানারে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে প্রধান অতিথি হিসেবে উল্লেখ করা হয়। তবে সমাবেশ মঞ্চের পেছনে মূল ব্যানারে প্রধান অতিথি হিসেবে লেখা হয় চুয়েটের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমের নাম। সেই ব্যানারের কোথাও আ জ ম নাছিরের নাম লেখা নেই। তবে সমাবেশে উপস্থিত বক্তারা মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের জন্য ভোট চেয়ে বক্তব্য দেন। সমাবেশে আ জ ম নাছির কয়েক মিনিট উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।
আ জ ম নাছির অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হন। পরে নির্বাচন কর্মকর্তারা সমাবেশস্থল থেকে বের হয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রবেশপথের বড় ব্যানারটি খুলে ফেলেন।
একই সময়ে লেডিস ক্লাবে চলছিল মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থনে চট্টগ্রামের সীতাকুণ্ডবাসীর মতবিনিময় সভা। নির্বাচন কর্মকর্তারা ব্যানারটি খুলে জব্দ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, একজন মেয়র প্রার্থীর সমর্থনে সভা হচ্ছে খবর পেয়ে আমরা এসেছিলাম। আমরা প্রার্থীকে পাইনি। সভার ব্যানার জব্দ করা হয়েছে। আয়োজকদেরও সতর্ক করা হয়েছে।
এদিকে গতকাল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য এক সপ্তাহ আগে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন আ জ ম নাছির । বিধি লঙ্ঘন করে পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁকে ওই নোটিশ দেওয়া হয়েছিল।
আপিল শুনানি: আরও সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল শুনানি শেষে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে দুই দিনে আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে পেলেন ১১ জন।
গতকাল যাঁরা আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন তাঁরা হলেন ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের সাবের আহম্মদ, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের ছলিম উল্লাহ ও সরূপ বিকাশ বড়ুয়া, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের গিয়াস উদ্দিন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের নুরুল আনোয়ার ও ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের গাজী মো. আইয়ুব খান।