হাজীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলি, আহত ৫০
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় গতকাল মঙ্গলবার রাতে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন শতাধিক গুলি ছুড়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ২০ জন সদস্যসহ ৫০ জনের বেশি লোক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
গতকাল রাত আটটা থেকে ১২টা পর্যন্ত হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল সন্ধ্যার পর অবরোধ সমর্থনকারীরা ওই স্থানে ৩০-৪০টি মোটরসাইকেল ও রিকশা ভাঙচুর করে এবং দুটি ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ও টেঁটা ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চাইনিজ রাইফেল থেকে ১৮টি গুলি, শটগান থেকে ১৭টি গুলি, ১০টি কাঁদানে গ্যাসের শেল ও ২৬১টি রাবার বুলেট ছোড়ে। এতে ২০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের ভাষ্য, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। টোরাগড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।