হাটের ব্যবসায়ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা
রাজধানী ঢাকার প্রায় সব কোরবানি ঈদের পশুর হাটের ইজারা নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা। দলীয় পরিচয়হীন দু-একজন ইজারা পেলেও তাঁদের পেছনেও আছেন শাসক দলেরই নেতারা।
অনেকে আবার হাটের শেয়ারও ছেড়েছেন। অনেকটা পুঁজিবাজারের আদলে ছাড়া এই শেয়ার পাচ্ছেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। কোনো কোনো হাটে একেকটি শেয়ারের মূল্য ১০ হাজার, কোথাও এর চেয়েও বেশি। নিজেদের মধ্যে সমঝোতা করেই দরপত্র জমা দিয়েছেন শাসক দলের নেতা-কর্মীরা। তাঁদের বাইরের কেউ দরপত্র কেনার সাহসও দেখান না। ইজারা পাওয়ার পর সমঝোতাকারীদের সবাইকে শেয়ার দেওয়া হয়।
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর ১৮টি অস্থায়ী পশুর হাটের প্রায় সব কটিরই একই অবস্থা।
সমঝোতার দরপত্র: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাতটি অস্থায়ী পশুর হাটের পাঁচটিই পেয়েছেন আওয়ামী লীগ, যুবলীগের নেতারা। একমাত্র মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের পশুর হাটের ইজারা পেয়েছেন লুৎফর রহমান নামের এক ব্যক্তি। তবে তাঁর পেছনে আছেন স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ। লুৎফর রহমান হাটটির ইজারা পেয়েছেন ৩৩ লাখ টাকায়। লুৎফর রহমান একই সঙ্গে ঢাকার একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীরও ইজারাদার।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, উত্তরা এলাকার আজমপুরের পশুর হাটের ইজারা ৭৩ লাখ ১১ হাজার টাকায় পেয়েছেন আফসার উদ্দিন খান। তিনি উত্তরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। প্রায় এক কোটি টাকায় উত্তরার ১১ ও ১৩ নম্বর সেক্টরের পশুর হাটের ইজারা পেয়েছেন মো. শফিকুল। তিনি উত্তরা থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক। দুই কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকায় রাজধানীর আগারগাঁও এলাকার হাটের ইজারা নিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ।
বারিধারার পশুর হাটের ইজারা ৮১ লাখ ৫১ হাজার টাকায় পেয়েছেন ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম ঢালী। বনানী রেলওয়ে মাঠের পশুর হাটের ইজারাদার আওয়ামী লীগের কড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক ফারুক রাজা। ৬০ লাখ টাকায় এই হাটের ইজারা পেয়েছেন তিনি।
প্রত্যাশিত দর না হওয়ায় খিলক্ষেত পশুর হাটের ইজারা এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেওয়া হয়নি। এক কোটি সাত লাখ টাকায় ২০১৩ সালে এই হাটের ইজারা পেয়েছিল মেসার্স সালাম অ্যান্ড সন্স। সেখানে এবার সর্বোচ্চ ৭২ লাখ টাকা দর দিয়েছেন মিজানুর রহমান। মিজানুর রহমান খিলক্ষেত ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
লাভের একটি উদাহরণ: মূলত কোরবানির পশুর হাট থেকে বিপুল মুনাফা হওয়ার কারণেই ক্ষমতাসীন দলের নেতারা কোরবানি ঈদের আগে রাতারাতি গরুর হাটের ইজারাদার হয়ে ওঠেন। রাজধানীর অন্যতম বড় অস্থায়ী হাট বসে আগারগাঁও এলাকায়। একসময় এই হাট নিয়ন্ত্রণ করতেন নূর মোহাম্মদ ওরফে নূর হাজি। তিনি নিখোঁজ হওয়ার পর তাঁর জামাতা জাহাঙ্গীর আলম এই হাটের ইজারা নেন ২০১২ সালে। তিনিও আওয়ামী লীগ করতেন। জাহাঙ্গীর আলমও খুন হয়েছেন গত আগস্টে। ২০১৩ সালে ফোরকান নামের এক ব্যক্তি দুই কোটি ১৬ লাখ টাকায় এই হাটের ইজারা নিয়েছিলেন। তখন জাহাঙ্গীর দর দিয়েছিলেন এক কোটি ৯৬ লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, এই হাট থেকে আয় হয় ১০ কোটির বেশি টাকা। ফলে এই হাটের ইজারা পেতে অনেকেই আগ্রহী ছিলেন।
হাটের শেয়ার বাণিজ্য: ২০১৩ সালে স্থানীয় সাংসদ ইলিয়াস মোল্লাহর অফিস সহকারী খোকন মৃধার নামে মিরপুরের ইস্টার্ন হাউজিং পশুর হাটের ইজারা নেওয়া হয়েছিল। এবার ৩৩ লাখ টাকায় এই হাটের ইজারা পেয়েছেন লুৎফর রহমান। এর নেপথ্যেও আছেন ইলিয়াস মোল্লাহ। তিনি এ জন্য ঘনিষ্ঠজনদের নিয়ে একটি কমিটি করে দিয়েছেন। এই কমিটির মাধ্যমে হাটের ৭০০ শেয়ার ছাড়া হয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ হাজার টাকা। আগের দুই বছর ১৫ হাজার টাকায় ৩০০ শেয়ার বিক্রি করা হয়েছিল। শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল সাত থেকে আট হাজার টাকা। সব শেয়ারই পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সাংসদ ইলিয়াস মোল্লাহর দাবি, ইজারাদার লুৎফর রহমানের মাধ্যমেই কমিটি গঠিত হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘গরিব মানুষেরা যেন এখানে (হাটে) কাজ করে দু-একটা পয়সা ইনকাম করতে পারে, সে জন্যই এ ব্যবস্থা।’
ইস্টার্ন হাউজিংয়ের হাটের মতো বারিধারা হাটেও শেয়ার ভাগাভাগি হয়। গত বছর শতাধিক শেয়ার ছিল। এবারও একইভাবে হাটের শেয়ার ভাগ বলে জানান বারিধারা হাট পরিচালনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি।
আগারগাঁও পশুর হাটে যুবলীগের শীর্ষ কয়েক নেতা মিলিতভাবে শেয়ার ভাগাভাগি করেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছেন মিরপুর থানার এক কর্মকর্তা। দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে এই হাটে কোরবানির গরু আনার কাজটি এই পুলিশ কর্মকর্তা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০১৪ সালে উত্তরা এলাকার একটি পশুর হাট পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এমন এক ব্যক্তি নাম প্রকাশ করার শর্তে বলেন, দলীয় ব্যক্তি ছাড়া কেউ ইজারা পেলেও হাট পরিচালনা করতেই পারবেন না। তাঁর হাটে পুলিশই গরু উঠতে দেবে না।
বনানী রেলওয়ে মাঠের পশুর
হাটটি প্রতিযোগিতার মাধ্যমে ইজারা পেয়েছেন বলে দাবি করেছেন ফারুক রাজা। তিনি জানান, কয়েকজন সম্মিলিতভাবে হাট পরিচালনা করবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া হয়। নীতিমালা অনুসারে দেওয়া হয়। এর বাইরে কে কী করে, সেটি আমাদের দেখার বিষয় না।’
সমঝোতায় দর কম: উত্তরের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাটের ইজারার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তবে ২০১৩ সালের চেয়ে এবার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাটের সংখ্যা একটি বেড়ে হয়েছে ১১টি। পাঁচটি হাটে প্রত্যাশিত দর না পাওয়ায় ইজারার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ জন্য ২২ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো পাঁচটি পশুর হাটের দর অনুষ্ঠিত হবে। সমঝোতা করেই দরদাতারা কম দর দিচ্ছেন।
হাটগুলো হচ্ছে: ঝিগাতলা হাজারীবাগ হাট, গোলাপবাগ হাট, লালবাগ হাজি দেলোয়ার হোসেন মাঠ ও বেড়িবাঁধের হাট, উত্তর শাহজাহানপুর হাট এবং কামরাঙ্গীরচর হাট। এর মধ্যে ঝিগাতলার পশুর হাট গত বছর ইজারা দেওয়া হয়েছিল ৫৫ লাখ ৩৪ হাজার টাকায়। এবার এই হাটের দর উঠেছে মাত্র ১২ লাখ টাকা।
দরপতনের করুণ দশায় পড়েছে গোলাপবাগ হাট। গত বছর এই হাটের দর ছিল ৬১ লাখ ৬৬ হাজার টাকা। এবার দ্বিতীয়বারের দরপত্রে হাটটির দর ওঠে ১১ লাখ ৫৫ হাজার টাকা।
লালবাগ হাজি দেলোয়ার হোসেন মাঠে এবারই প্রথমবারের মতো হাট বসাতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তাদের প্রত্যাশা ছিল, দর হবে সাড়ে চার কোটি টাকা। কিন্তু এবার দর উঠেছে এক কোটি চার হাজার টাকা। উত্তর শাহজাহানপুরের হাটে পাঁচ লাখ ৭০ হাজার টাকা দর ওঠায় তৃতীয়বারের মতো দরপত্র আহ্বান করা হয়েছে।
দ্বিতীয় দফা দরপত্র আহ্বানে মাত্র এক লাখ ৩০ হাজার টাকা দর ওঠায় কামরাঙ্গীরচরের নতুন হাট পরিচালনার খরচ না ওঠার আশঙ্কায় রয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, ‘পাঁচটি হাটের দর যা পাওয়া যাচ্ছে, তাতে আমাদের খরচই উঠবে না। দর না পাওয়া গেলে কমিটির কাছে বিষয়টি পাঠানো হবে। তারাই সিদ্ধান্ত নেবে।’
এ ছাড়া, এরই মধ্যে ইজারা দেওয়া দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি হাটের মধ্যে রহমতগঞ্জ খেলার মাঠের পশুর হাটের ইজারামূল্য গতবারের চেয়ে ৩২ হাজার টাকা বেড়ে হয়েছে ছয় লাখ ৬৩ হাজার টাকা। ক্লাব কর্তৃপক্ষ এই হাটটি পরিচালনা করছে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠের ইজারা চার লাখ টাকা বেড়ে এবার হয়েছে ২৫ লাখ টাকা। আর গত বছরের ইজারাদার হাজি রুবেল মাত্র ৬০ হাজার টাকা বাড়িয়ে এবার পোস্তগোলা হাটের ইজারা নিয়েছেন ১০ লাখ ২০ হাজার টাকায়। অন্যদিকে, খিলগাঁও মেরাদিয়া হাটের ইজারামূল্য ২০১৩ সালের চেয়ে প্রায় ৩০ লাখ টাকা বেশি দরে কিনেছে মেসার্স সাবা এন্টারপ্রাইজ। গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ মূল্য ৫৬ লাখ টাকায় সাদেক হোসেন খোকা মাঠের পশুর হাটের ইজারা নিয়েছেন মোহাম্মাদ আলী নামের এক ব্যক্তি।
সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী, ঈদের তিন দিন আগে থেকে রাজধানীর অস্থায়ী হাটগুলোয় কোরবানির পশু বিক্রি শুরু হবে।