হাতিয়ায় দল পাল্টালেন বিএনপির শতাধিক কর্মী-সমর্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বাবু ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফছার উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক কর্মী-সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার তমরুদ্দি বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা দলবদল করেন। বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা স্থানীয় সাংসদ আয়েশা ফেরদৌসের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তমরুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলী, হাতিয়া পৌরসভার মেয়র এ কে এম ইউছুফ আলী, তমরদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফররুখ আহমেদ, জাহাজমারা ইউপি চেয়ারম্যান মাছুম বিল্লাহ, বুড়িরচর ইউপি চেয়ারম্যান জিয়া আলী মোবারক প্রমুখ।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ বলেন, আলাউদ্দিন বাবু আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বলে তিনি শুনেছেন।