আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষে্য দল গোছানো হচ্ছে। দলীয় নেতা-কর্মীদের হানাহানি বাদ দিয়ে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গত রোববার বিকেলে ইলিশিয়া জমিলা বেগম উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রবিউল এহেছান।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তাফা। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহসভাপতি রেজাউল করিম, সাবেক সহসভাপতি শফিকুল কাদের, উপদপ্তর সম্পাদক আবু তাহের, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ, মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোছাইন প্রমুখ।
সম্মেলনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জেলা থেকে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানান নেতা-কর্মীরা।