হাবিব-উন-নবী সোহেলের 'আটকের' বিষয়ে থানায় অভিযোগ দেয়নি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিব-উন-নবী খান সোহেল। ফাইল ছবি
হাবিব-উন-নবী খান সোহেল। ফাইল ছবি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে গতকাল মঙ্গলবার পুলিশ আটক করেছে বলে অভিযোগ বিএনপির। এ বিষয়ে সোহেলের পরিবার বা বিএনপির পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে বিএনপি বা সোহেলের পরিবারের পক্ষ থেকে এ-সম্পর্কিত কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তাদের কেউ থানায় সোহেলের নিখোঁজ হওয়ার অভিযোগ করতে আসেনি। অভিযোগ পাওয়া গেলে তো পুলিশ এ বিষয় নিয়ে কাজ শুরু করবে।

হাবিব-উন-নবী খান সোহেলের সন্ধানে বিএনপি থানায় অভিযোগ করেছে কি না, তা জানার জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, হাবিব-উন-নবী খান সোহেল নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে কি না, তা জানা নেই। খোঁজ নিয়ে জানাবেন তিনি।

রাজধানীর মালিবাগ থেকে গতকাল হাবিব-উন-নবী সোহেলকে আটক করা হয় বলে গতকাল সংবাদ সম্মেলেন রুহুল কবির রিজভী দাবি করেন।

গত সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে সিলেট যান। চেয়ারপারসনের সফরসঙ্গীদের সঙ্গে হাবিব-উন-নবী খান সোহেল ছিলেন। গতকাল ভোররাত চারটার দিকে খালেদা জিয়া ঢাকা ফেরেন। সোহেল মালিবাগের একটি বাসায় ছিলেন। সেখান থেকে তাঁকে ভোররাত সাড়ে চারটার দিকে আটক করা হয় বলে জানান রুহুল কবির রিজভী।