২৪ ঘণ্টায় হামলার ঘটনার প্রতিবেদন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ জানুয়ারি ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যান। প্রথম আলো ফাইল ছবি।
২৩ জানুয়ারি ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যান। প্রথম আলো ফাইল ছবি।

ছাত্রলীগের বক্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘‌‌‌‌‌‌‌শিক্ষার্থীদের ওপর হামলা’ ও প্রশাসনিক ভবনে ‘ভাঙচুরের’ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এ ছাড়া আরও চারটি দাবি আছে ছাত্র সংগ্রাম পরিষদের।

ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল), বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ (বাসদ), জাতীয় ছাত্রঐক্য ও জাতীয় ছাত্র কেন্দ্রের জোট এই ছাত্র সংগ্রাম পরিষদ।

ছাত্র সংগ্রাম পরিষদের এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। আগের দিন ছাত্রলীগের দপ্তর থেকেই এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।

লিখিত বক্তব্যে জাসদ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম বলেন, ‘২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অপ্রীতিকর ও ন্যক্কারজনক ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, কতিপয় ছাত্রসংগঠনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। তাঁর সঙ্গে অসদাচরণ করা হয় এবং তাঁকে লাঞ্ছিত করে। এ খবর শিক্ষার্থীদের কানে পৌঁছালে তারা উপাচার্যকে উদ্ধার করে। যার ফলে আন্দোলনরত কতিপয় ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করে এবং ছাত্রী বোনদের ওপর নির্যাতন চালায়।’

সামছুল ইসলাম বলেন, গত ১০০ বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাঞ্ছিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। তাঁরা ওই দিনের ঘটনার তদন্ত প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশের দাবি করেন। অন্য দাবিগুলো হলো সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সঙ্গে তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা ও দোষীদের শাস্তির ব্যবস্থা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সে জন্য পরিবেশ পরিষদ চালু করা, অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা ও সব প্রক্রিয়া শুরু করা এবং অধিভুক্ত সাত কলেজ নিয়ে বিরাজমান সমস্যার দ্রুত সমাধান করা।

এসব দাবিতে ৩১ জানুয়ারি অপরাজেয় বাংলার সামনে সন্ত্রাসবিরোধী ছাত্রসমাবেশ, ৬ ফেব্রুয়ারি রাজু ভাস্কর্যের সামনে সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও ৭ ফেব্রুয়ারি উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

২০১৬ সালের ১ জুলাই ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে সামছুল ইসলাম বলেন, ‘আপনারা ছিলেন। আপনারাই ভালো বলতে পারবেন।’

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান বলেন, কিছুদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন চলছে, যার পেছনে ছিল অনেক ষড়যন্ত্র। এতে ছিল শিবির, ছাত্রদল ও নিষিদ্ধ সংগঠনের অংশগ্রহণ।

এই সংবাদ সম্মেলনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আরেকটি সংবাদ সম্মেলন হয়। সেটিও ছাত্রলীগের আমন্ত্রণে অনুষ্ঠিত হয়।