হামলা-মামলায় পর্যুদস্ত বিএনপির কর্মীরা, পদ পেতে ব্যস্ত নিষ্ক্রিয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় গত বছরের মার্চে। তখন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বাকি পদ এখনো শূন্য। জেলার শীর্ষ দুই নেতার দ্বন্দ্ব চরমে। নেতা-কর্মীরাও বিভক্ত। বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা মামলায় পর্যুদস্ত। যেসব নেতা আন্দোলনে মাঠে ছিলেন না, তাঁরাই কমিটিতে বড় পদ পাওয়ার চেষ্টায় আছেন। প্রতিবেদন তৈরি করেছেন আশীষ-উর-রহমান ও পান্না বালা

ফরিদপুর শহরে বিএনপি সর্বশেষ কবে বড় কোনো জনসভা করেছে, তা মনে করতে পারলেন না জেলার প্রথম যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন। তাঁর বিরুদ্ধে ২২টি মামলা। কয়েক দফায় এক বছরের বেশি জেল খেটেছেন। সম্প্রতি জামিনে বের হয়েছেন। তিনি বললেন, ‘মাঠপর্যায়ের কর্মীরা হামলা-মামলায় পর্যুদস্ত। অথচ দলের বড় নেতা বা যাঁরা এমপি-মন্ত্রী ছিলেন, তাঁদের কারও নামে কোনো মামলা নেই। আন্দোলনের সময় তাঁদের মাঠে দেখা যায়নি। তাঁরাই এখন নতুন কমিটিতে বড় পদ পেতে ব্যস্ত।’

জহুরুল হক শাহাজাদা মিয়া ও সৈয়দ মোদাররেস আলী
জহুরুল হক শাহাজাদা মিয়া ও সৈয়দ মোদাররেস আলী

ফরিদপুরে জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ১৯ নভেম্বর। তারপর আর কোনো কমিটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে সম্মেলন করে নতুন কমিটি করার মতো অবস্থাও নেই। আগামী নির্বাচন সামনে রেখে কেন্দ্র থেকে বিভিন্ন জেলায় কমিটি করে দেওয়া হচ্ছে। ফরিদপুরেও নতুন কমিটি করার প্রক্রিয়া চলছে। তাতে পদ পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা তৎপর, তাঁরা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছেন। এতেই ক্ষোভের সঞ্চার হয়েছে তরুণ কর্মীদের মধ্যে। যাঁরা ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে আন্দোলনের সময় হামলা ও মামলার শিকার হয়েছেন। তাঁরা মনে করছেন, তাঁদের মূল্যায়ন করা হচ্ছে না।
ফরিদপুরে বিএনপির সাংগঠনিক অবস্থা জানতে দলটির সাবেক মন্ত্রী-সাংসদ ও জেলার বিভিন্ন পর্যায়ের প্রবীণ-নবীন নেতা-কর্মীর সঙ্গে প্রথম আলোর কথা হয়। তাঁরা মনে করেন, ১১ বছর ধরে যেভাবে বিএনপির ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, তাতে তাঁরা মাঠে নেমে দৃঢ় আন্দোলন গড়ে তুলতে না পারলেও তাঁদের প্রতি জনগণের সহমর্মিতা ও সমর্থন অনেক বেড়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়ার বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে। জেল থেকে বের হয়েছেন সম্প্রতি। তিনি প্রথম আলোকে বললেন, যুবদল সভাপতি আফজাল হোসেন খানের বিরুদ্ধে রয়েছে ১৪টি মামলা। গত ১০ বছর শহরের কেন্দ্রস্থলে (জনতা ব্যাংক মোড়) বিএনপি কোনো সভা-সমাবেশ করতে পারেনি। জেলা সদরে দলের কোনো কার্যালয় নেই। কোনো কর্মসূচি থাকলে কর্মীরা সুবিধামতো কোনো জায়গায় মিলিত হন। ঝটিকা মিছিল বা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক বলেন, দলীয় কর্মসূচিতে বিএনপির জেলা নেতাদের পাওয়া যায় না। জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বা সাবেক সাংসদের কারও বিরুদ্ধে মামলা নেই। অনেকে ক্ষমতাসীনদের সঙ্গে গোপনে আঁতাত করে নিরাপদে রয়েছেন, সম্পদের সুরক্ষা করছেন। অথচ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের দেড় শতাধিক কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে এখনো কারাগারে আছেন।
অবশ্য জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়া বলেন, কারও বিরুদ্ধে মামলা না থাকা মানে তিনি আন্দোলনবিমুখ ছিলেন, এটা ঠিক নয়। তাঁর দাবি, ৫ জানুয়ারি নির্বাচনের পরের বছর টানা ১০০ দিনের আন্দোলনের সময় ৮৮ দিন তিনি মিছিল করেছেন। তাঁর বাড়ি ঘেরাও হয়েছে, তাঁর পাটকলে হামলা হয়েছে।
মাঠের নবীন কর্মীদের অভিযোগ, নতুন কমিটিতে পদ লাভের জন্য বিএনপির উভয় পক্ষের নিষ্ক্রিয় নেতারা একজোট হয়েছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেনের ভাষায়, ‘এত দিন নিষ্ক্রিয় থাকা সুবিধাবাদীরা দলের পদ লাভের জন্য যেভাবে সক্রিয় হয়েছেন, তাতে মাঠের সক্রিয় কর্মীরাই এখন কোণঠাসা।’
নবীন কর্মীদের অভিযোগ ও ক্ষোভ সম্পর্কে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোদারেস আলী বলেন, তাঁদের ১৫১ জনের জেলা কমিটি। কোনো আন্দোলনেই শতকরা শতভাগ নেতা-কর্মী অংশ নেন না। যৌবনের উদ্দীপনা বেশি থাকে, প্রত্যাশাও বেশি। তাঁদের সামনে আসা দরকার, তবে প্রবীণদেরও বাদ দেওয়া ঠিক হবে না।
ফরিদপুর জেলা বিএনপিতে একসময় দুটি পক্ষ ছিল। এক পক্ষের নেতা ছিলেন কে এম ওবায়দুর রহমান, আরেক পক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ। কামাল ইবনে ইউসুফ সদর আসনে ১৯৭৯ সাল থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি, স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। জিততে পারেননি। ওই নির্বাচনে এখানে জোটের প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তিনি কামাল ইবনে ইউসুফের চেয়ে কম ভোট পান।
কে এম ওবায়দুর রহমান নগরকান্দা-সালথা আসন থেকে সাংসদ হন ১৯৯৬ সালে। তিনি অনেক আগে মারা গেছেন। তাঁর অনুসারীরা এখনো জেলা বিএনপির নেতৃত্বে। জেলা বিএনপির বর্তমান সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়া ও সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী দুজনই ওবায়দুর রহমানের অনুসারী। তাঁর মেয়ে শামা ওবায়েদ এখন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি বাবার আসনে (নগরকান্দা-সালথা) নির্বাচন করার প্রাক্-প্রস্তুতি শুরু করেছেন। আর বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ সদর আসনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘আমি প্রথম থেকেই আমার মতো করে মাঠে ছিলাম, এখনো আছি। তবে দলের কমিটিতে পরিবর্তন আনা দরকার।’ তিনি বলেন, কেউ ২৪ বছর, কেউ ১৮ বছর ধরে পদ দখল করে আছেন। নতুনদের সামনে আনতে হবে। এখনই তার সবচেয়ে উপযুক্ত সময়। তবে দেখতে হবে, নতুনদের আনতে গিয়ে যেন চাঁদাবাজদের আনা না হয়।