হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ ও টগর মো. সালেহের ওপর নৃশংস হামলার এক বছর পার হলেও জড়িত ব্যক্তিদের কেউ গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছেন তাঁদের পরিবারের সদস্যরা।
একই দিন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
গত বছরের ২৯ এপ্রিল সকালে আবাসিক হল থেকে ক্যাম্পাসে আসার পথে হামলার শিকার হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক মাসুদ ও ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর। হামলায় মাসুদের সব হাত-পায়ের রগ কেটে দেওয়াসহ ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করা হয়। আর টগরের পায়ের রগ কেটে দেওয়াসহ কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পর ২ মে নগরের মতিহার থানায় বিশ্ববিদ্যালয় শিবিরের তৎকালীন সভাপতি আশরাফুল আলম ও বর্তমান সভাপতি শোয়েব শাহরিয়ারসহ ৩২ জন শিবির নেতা-কর্মীর নামে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় গতকাল বুধবার দুপুরে পরিবারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুদের বড় ভাই আয়াতুল্লাহ বেহেস্তী বলেন, ‘মাসুদের শরীরে এ পর্যন্ত ১৭টি অস্ত্রোপচার হয়েছে। এখনো দুটি ব্যয়বহুল অস্ত্রপচার বাকি। অথচ এখনো মামলা তদন্তে কোনো অগ্রগতি নেই। বর্বরোচিত এই হামলার বিচার না হলে শুধু আমরা না, ভবিষ্যতে মাসুদের মতো প্রগতিশীল চিন্তা-চেতনার আরও সাধারণ শিক্ষার্থী হামলার শিকার হবে।’ সংবাদ সম্মেলন থেকে আগামী ১ মের মধ্যে হামলায় জড়িত সাবাইকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এদিকে গতকাল বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।