সিলেটে সিপিবির সমাবেশে হামলাকারী ছাত্রলীগের বিলুপ্ত জেলা কমিটির সভাপতি হিরন মাহমুদকে কেন্দ্রীয় সদস্যপদ দিয়ে নতুন করে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খানকেও কেন্দ্রীয় সহসম্পাদক পদে রাখা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত সংগঠনের প্যাডে গত সোমবার এক বছর মেয়াদি এই কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। গত রোববার তাঁরা দুজন সিলেট সফর করে স্থানীয় নেতাদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। ওই দিন ঢাকায় ফিরে সোমবার বিকেলে কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতির পদ পেয়েছেন শাহরিয়ার আলম সামাদ। সাধারণ সম্পাদক হয়েছেন মো. রায়হান চৌধুরী। সহসভাপতি হয়েছেন নিজাম উদ্দিন, রাশিদুল ইসলাম রাশেদ, মো. আলী হোসেন ও হোসেন আহমদ চৌধুরী। যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সঞ্জয় কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু ও মুহিবুর রহমান। ১০ সদস্যের এ কমিটি পরবর্তীকালে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়। নতুন কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি হিরন মাহমুদকে কেন্দ্রের সদস্যপদ এবং সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খানকে কেন্দ্রের সহসম্পাদক পদ দেওয়া হয়।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৯ জুলাই সিলেট জেলা ছাত্রলীগের ১০১ সদেস্যর নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত দুই বছরে একের পর এক ঘটনা ঘটান জেলা কমিটির নেতারা। গত বছরের ১৫ সেপ্টেম্বর সিলেটে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে জেলা ছাত্রলীগের মিছিল থেকে হামলা হয়। হামলায় সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমসহ ২০ নেতা-কর্মী আহত হন। এ ঘটনার পরপরই কেন্দ্র থেকে সিলেট জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সিপিবি-বাসদের সমাবেশে হামলার পর জেলা কমিটি বিলুপ্ত হওয়ায় পুরো নেতৃত্ব বিতর্কিত হয়ে পড়ে। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি হিরন মাহমুদের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করলে কয়েক দিনের জন্য তিনি দেশের বাইরে চলে যান। পরে দেশে ফিরে কোনো পদে না থাকলেও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন।
যোগাযোগ করলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ কামাল নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেন। তবে বিতর্কিতদের কেন্দ্রীয় পদ দেওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।