হামলায় আহত আ.লীগ নেতাকে ঢাকায় পাঠানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় দুর্বৃত্তের রামদার আঘাতে গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগের নেতা ইসরাফিল হক সরকার (৫০)। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ওদ্দিরখোলা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মানিকদান সেতুর কাছে ইসরাফিল এই হামলার শিকার হন।

আহত ইসরাফিল হকের ছেলে রবিউল সামি বলেন, দুপুরে সদর উপজেলার ওদ্দিরখোলা বাজার থেকে তাঁর বাবা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি থ্রি হুইলারে করে তিনজন সন্ত্রাসী এসে মানিকদান সেতুর কাছে তাঁর পথ রোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর বাবাকে রামদা দিয়ে কয়েকবার এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক গণেশ কুমার আগরওয়াল বলেন, ইসরাফিলের মাথায়, হাতে, পায়ে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাইফ সাপোর্টের প্রয়োজন হতে পারে বলে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

রবিউল সামি আরও বলেন, পূর্বশত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। হামলাকারীদের নাম ও পরিচয় পুলিশকে জানানো হয়েছে।

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান বলেন, ইসরাফিল সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর ওপর হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ইসরাফিল তাঁদের চিনতে পেরেছেন এবং তাঁদের নামও বলেছেন। এখন গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।