বন্যা পরিস্থিতি ধামাচাপা দিতে গণজাগরণ মঞ্চের ওপর দুই দফায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তাঁর অভিযোগ, ধারাবাহিক এ হামলার পর ব্যবস্থা না নেওয়াটা প্রমাণ করে এতে সরকারের যোগসাজশ ও ইন্ধন রয়েছে।
গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইমরান ইমরান এইচ সরকার এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে ইমরানের ওপর হামলা চালানো হয়। এসব থেকে বিরত থেকে তাদের বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। অজয় রায় বিজ্ঞানবিষয়ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা নিহত অভিজিৎ রায়ের বাবা।
‘হামলা-মামলায় গণজাগরণের গতিরোধের চেষ্টা, পরিস্থিতি পর্যালোচনা ও আমাদের বক্তব্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে গতকাল ইমরান এইচ সরকার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ১৭ আগস্ট শাহবাগে গণজাগরণ মঞ্চ ত্রাণ তৎপরতা জোরদারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষ হওয়ার পর লাঠিসোঁটা নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালানো হয়। পরদিন একই গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালিয়ে আটজনকে আহত করে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বেসরকারি সংস্থা নিজেরা করির খুশী কবির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সংগ্রামী ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।