
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে ঠাকুরগাঁও পৌর এলাকা। গত চারটি নির্বাচনে এই পৌরসভায় দুবার আওয়ামী লীগ ও দুবার বিএনপি বিজয়ী হয়েছে। সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। এবার বিএনপির লক্ষ্য হারানো মুকুট ফিরে পাওয়া। এই দলের প্রচারণায় সরগরম চারদিক। কিন্তু আওয়ামী লীগের প্রচারণা এখনো জমে ওঠেনি।
এই পৌরসভায় সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এস এম এ মঈন বিএনপির চৌধুরী মো. গোলাম সারোয়ারকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। হারানো মুকুট ফিরে পেতে এবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীনকে মনোনয়ন দিয়েছে দলটি। মনোনয়ন চূড়ান্তের পরই তিনি আটঘাট বেঁধে প্রচারণায় নেমে পড়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। শহরের পাড়া-মহল্লার সড়ক ছেয়ে গেছে তাঁর পোস্টারে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাঁর পক্ষে মাইকিং। এসব প্রচারণায় মির্জা ফয়সল তাঁর বাবা সাবেক মন্ত্রী ও পৌর চেয়ারম্যান মির্জা রুহুল আমীন এবং বড় ভাই মির্জা ফখরুলের নাম ব্যবহার করে পৌরবাসীকে আকৃষ্ট করার চেষ্টা করছেন।
বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, প্রচারণার সুবিধার্থে ৩৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করেছেন তাঁরা। ওই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্ড ও কেন্দ্র কমিটি গঠনের। প্রচারণার বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান বলেন, প্রচারণায় কোনো ঘাটতি তাঁরা রাখবেন না। এরই মধ্যে শহরের রাস্তায় পোস্টার টানিয়ে দেওয়া হয়েছে। চলছে ভোট চেয়ে লিফলেট বিতরণ। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে তাঁরা প্রার্থীকে নিয়ে প্রয়োজনে এক বাড়িতে একাধিকবার যাবেন বলে জানান।
গোবিন্দনগর এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মেয়র প্রার্থী মির্জা ফয়সল গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ঠাকুরগাঁও পৌরসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। গত সাত বছরে বর্তমান সরকারের দুর্নীতি, নির্যাতন ও গণতন্ত্রকে হত্যা করে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে ব্যালটে জবাব দেবেন ভোটাররা।’
নির্বাচন নিয়ে বিএনপিতে এমন তোড়জোড় থাকলেও বিপরীত চিত্র আওয়ামী লীগে। এই দলের মেয়র প্রার্থী তহমিনা আখতার মোল্লার কথায়ও বিষয়টি স্পষ্ট। তিনি গতকাল বিকেলে শহরের শাহাপাড়া এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় তিনি বলেন, ‘প্রচারণায় আকৃষ্ট হয়ে নয়, ভোটাররা উন্নয়নের মার্কা নৌকাতেই ভোট দেবেন।’
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কামিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এ পর্যন্ত পৌরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে চারটিতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। কাল ১৭ ডিসেম্বরের মধ্যে সব ওয়ার্ডে কমিটি গঠন হয়ে যাবে। এরপর তৃণমূল নেতা-কর্মীরা প্রচারণা নেমে পড়বেন।
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন পরিচালনা কামিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক। তাঁর দাবি, গত পাঁচ-সাত বছরে আওয়ামী লীগ সরকার শহরে ব্যাপক উন্নয়ন করেছে। এবার যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, তাই নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।
একই মত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলমেরও। তাঁর মতে, প্রচারণায় কিছুটা পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত নৌকা মার্কাই বিজয়ী হবে।
কিন্তু জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি মকবুল হোসেন বলেন, ‘নির্বাচন নিয়ে আমি বেশ চিন্তায় আছি। বিএনপির প্রার্থীর পোস্টারে শহর ছেয়ে গেছে। কিন্তু আমাদের প্রার্থীর পোস্টার এখনো কেন টানানো হলো না, বুঝতে পারছি না।’ তিনি আরও বলেন, দলের মেয়র প্রার্থীর সঙ্গে এখনো দলের সেভাবে সমন্বয় হয়নি। তবে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ভোটাররা আওয়ামী লীগের প্রার্থীকেই ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।