হারানো সুনাম ফিরিয়ে আনতে চান নাছির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নগর স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম সিটি করপোরেশনের যে সুনাম ছিল, তা নষ্ট হয়ে গেছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই সম্মান পুনরুদ্ধার করতে হবে। এ জন্য চিকিৎসকসহ সব কর্মকর্তা-কর্মচারীকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন মেয়র। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে কাউকে দলাদলি করার সুযোগ দেওয়া হবে না। চেইন অব কমান্ড কাগজে-কলমে থাকবে না। পুরো সিটি করপোরেশনের কাজে ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন তিনি।
মতবিনিময় সভায় চিকিৎসকেরা হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। চিকিৎসকদের করপোরেশনের জনবলকাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করে বেতন-ভাতা বাড়ানোর দাবি জানান তাঁরা। এ সময় কয়েকজন বক্তা করপোরেশনের স্বাস্থ্যসেবার মান কমে যাওয়ার জন্য সাবেক মেয়র মোহাম্মদ মনজুরুল আলমের উদাসীনতাকে দায়ী করেন।
সিটি করপোরেশনের স্বাস্থ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার বলেন, ‘গত মেয়রকে (মনজুর) স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সমস্যার কথা নানা সময়ে বলেছি। কিন্তু তিনি এ বিষয়ে কোনো সাড়া দেননি। এ ছাড়া স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যেও কোন্দল রয়েছে, যা থাকা উচিত নয়।’
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী বলেন, করপোরেশনের ১১৫ জন চিকিৎসকের মধ্যে ৩৪ জন স্থায়ী। বাকি চিকিৎসকেরা মাত্র ১৬ হাজার টাকায় কাজ করছেন। চিকিৎসকদের দক্ষতার অভাব নেই, তাঁরা নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চান। কিন্তু গত পাঁচ বছরে স্বাস্থ্য খাতে কী পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, সেটি খতিয়ে দেখা দরকার। ওষুধ দিতে না পারার কারণেও রোগীর সংখ্যা কমে যাচ্ছে।
আ জ ম নাছির উদ্দিন বলেন, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী যেভাবে নির্ধারণ করা উচিত, তা করা যায়নি। ফলে অনেকে আগ্রহ নিয়ে দায়িত্ব পালন করতে পারছেন না। তবে চিকিৎসকদের মনে রাখতে হবে, এটি সেবাধর্মী পেশা। তাঁদের ধৈর্য ও সহনশীলতা তাই অন্যদের চেয়ে কয়েক গুণ বেশি হতে হবে। তিনি বলেন, ‘রোগী থাক বা না থাক, সময়ের আগেই আপনাদের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে যেতে হবে এবং ফিরতে হবে নির্ধারিত সময়ের পরে। শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। স্বাস্থ্য খাতের সুনাম নষ্ট হওয়ার দায়ভার আপনাদের ওপরও বর্তাচ্ছে।’
জনবল, বেতন-ভাতা ও অবকাঠামোগত সমস্যাগুলো দূর করার জন্য সর্বাত্মক চেষ্টার আশ্বাস দেন মেয়র।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন করপোরেশনের সচিব রশিদ আহমেদ, ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন প্রমুখ।