হাসপাতালে মান্নাকে দেখতে গেলেন ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার দুই মামলায় ২১ মাস কারা হেফাজতে থাকার পর ১৮ ডিসেম্বর জামিনে মুক্তি পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদুর রহমান মান্না।
গতকাল দুপুর ১২টার দিকে ওবায়দুল কাদের হাসপাতালে গিয়ে মান্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মান্নাও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান।
দলীয় সূত্র জানায়, ওবায়দুল কাদের প্রথমেই মান্নার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে মান্নার দিকে বিশেষ নজর দিতে আহ্বান জানান। দুজন প্রায় ৩০ মিনিট বিভিন্ন বিষয়ে কথা বলেন। স্মৃতিচারণা করেন ছাত্রজীবনের বিভিন্ন বিষয় নিয়ে।
ওবায়দুল কাদের সেখানে সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজনীতি করেছি। রাজনীতির বাইরেও একটা সম্পর্ক থাকে। গতকালই (বৃহস্পতিবার) আসতে চেয়েছি। কিন্তু নারায়ণগঞ্জের নির্বাচনের কারণে পারিনি। আজকে (শুক্রবার) প্রোগ্রাম ছিল, শেষ করে চলে এসেছি।’ তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি মান্নার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসেছেন।
আশির দশকে জাসদ ছাত্রলীগের নেতা মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে পরপর দুবার ছাত্রলীগের তখনকার নেতা ওবায়দুল কাদেরকে পরাজিত করে সহসভাপতি (ভিপি) হয়েছিলেন।