হাসপাতালে সিটি স্ক্যানের পর বাসায় খালেদা জিয়া
করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান শেষে তাঁকে আবার নিজ বাসভবনে নেওয়া হয়।
খালেদা জিয়ার করোনা শনাক্ত হয় গত শনিবার। তাঁকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাঁর তেমন কোনো উপসর্গ ছিল না। তবে খালেদা জিয়ার চিকিৎসকেরা সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছিলেন। সে অনুযায়ী বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে বিকেলে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নির্ভর করবে সিটি স্ক্যানের রিপোর্টের ভিত্তিতে।
এফ এম সিদ্দিকী বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে তিনি বলেন, কোভিডের যত সাবধানতা ও জটিলতা, সেগুলো সাধারণত দ্বিতীয় সপ্তাহে হয়। সে জন্য তাঁরা খুব সতর্ক রয়েছেন। তিনি জানান, বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার জ্বর ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।