হাসপাতালের সিসিইউতে আছেন মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

পুলিশ হেফাজতে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংকটপূর্ণ পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) আছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ডিবি পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান মান্না হাসপাতালের সিসিইউয়ের ইউনিট-১-এর ১১ নম্বর বিছানায় চিকিৎসাধীন। তিনি সিসিইউয়ের বিভাগীয় প্রধান আবদুল ওয়াদুদ চৌধুরীর অধীনে ভর্তি।
চিকিৎসকেরা জানান, মান্না উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। এ ছাড়া তাঁর আগের পিঠে ব্যথার সমস্যা ছিল। তিনি আশঙ্কামুক্ত কি না, তা ৭২ ঘণ্টার আগে বলা যাবে না।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথন নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি দল মান্নাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই সময় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মান্নাকে আটক করার কথা অস্বীকার করা হয়। দিনভর তাঁর খোঁজ পাওয়া না গেলেও পরদিন ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানার পুলিশের হাতে মান্নাকে হস্তান্তর করে র‍্যাব। তখন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানায় মামলা করে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে হাজির করে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয়। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলায় বিএনপির নেতা সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গত শনিবার আবার মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।