
আবুল হাসানাত আবদুল্লাহর নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে এককাট্টা হয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতারা। এ লক্ষ্যে দলের তৃণমূলের নেতারা সভা ডেকে সাংসদ জেবুন্নেছা আফরোজকে মহানগরের সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত ইতিমধ্যে দলের কেন্দ্রে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তবে মহানগরের নেতাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জেলা কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সমর্থকেরা।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বরিশালে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছেন আবুল হাসানাত আবদুল্লাহ। শওকত হোসেন (হিরণ) বরিশাল সিটি করপোরেশনের মেয়র হওয়ার পর থেকেই দলকে হাসানাতপন্থীদের নিয়ন্ত্রণমুক্ত করতে চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে দলে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এ দ্বন্দ্বের জের ধরে গত বছর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একটা অংশ শওকত হোসেনের বিরুদ্ধে অবস্থান নেয়। এটাকে ওই নির্বাচনে তাঁর পরাজয়ের বড় কারণ বলে মনে করেন শওকতের অনুসারীরা।
এরপর দশম সংসদ নির্বাচনে শওকত হোসেন দলীয় মনোনয়ন নিয়ে বরিশাল-৫ (সদর) আসন থেকে সাংসদ নির্বাচিত হন। গত এপ্রিলে তাঁর অকাল মৃত্যুতে ওই আসনটির পাশাপাশি মহানগর আওয়ামী লীগের সভাপতি পদও শূন্য হয়।
পরে এ আসনে উপনির্বাচনে শওকত হোসেনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ সাংসদ নির্বাচিত হন। এখন জেবুন্নেছাকে সামনে রেখে মহানগর আওয়ামী লীগের নেতারা হাসানাতমুক্ত দল গড়তে আবারও সচেষ্ট হয়েছেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
গত ১৬ আগস্ট বরিশাল শহরের প্লানেট ওয়ার্ল্ড অডিটরিয়ামে মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ডের নেতারা মিলে বৈঠক করেন। আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ বৈঠকে ৩০টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা অংশ নেন।
বৈঠকে সাংসদ জেবুন্নেছাকে মহানগরের সভাপতি করার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের কথা জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে তৃণমূল থেকে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে অনুরোধ জানানো হয়েছে বলে দলীয় সূত্র জানায়।
এদিকে জেবুন্নেছার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা নেই বলে যুক্তি তুলে তাঁকে সভাপতি করার সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন হাসানাতপন্থী নেতারা। আবুল হাসানাত আবদুল্লাহর সমর্থক হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ আনিছ প্রথম আলোকে বলেন, সাংসদ জেবুন্নেছা আফরোজ কোনো সাংগঠনিক ব্যক্তি নন। তাঁকে মহানগরের সভাপতি করা হলে আওয়ামী লীগের বুকে শেষ পেরেকটি মারা হবে।
সৈয়দ আনিছের এ বক্তব্য নাকচ করে দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম। তিনি প্রথম আলোকে বলেন, জেবুন্নেসা যোগ্য না হলে তাঁকে দল সংসদ সদস্য পদে মনোনয়ন দিত না। তাঁকে সভাপতি করা হোক, এটা মহানগরের সব ওয়ার্ডের নেতা-কর্মীরা চাচ্ছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর বক্তব্য জানতে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি এলাকায় কম থাকেন। তাঁর মুঠোফোনে অনেকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
অবশ্য হাসানাত-সমর্থক অন্যতম নেতা বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুছ বলেন, মহানগর আওয়ামী লীগ মূলত বরিশাল বিভাগীয় সদরে কাজ করবে। এটাকে বিবেচনায় নিয়ে সাংগঠনিকভাবে দক্ষ কোনো ব্যক্তিকে সভাপতি করা হলে ভালো হবে। এ ব্যাপারে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
জানতে চাইলে জেবুন্নেছা আফরোজ প্রথম আলোকে বলেন, ‘আমি মিছিলে হয়তো নতুন, কিন্তু দলীয় কর্মকাণ্ডে নতুন নই। শওকত হোসেন যত দিন মহানগরের দায়িত্বে ছিলেন, তত দিন আমি তাঁর পাশে থেকে রাজনৈতিক সব কর্মকাণ্ডে অংশ নিয়েছি। মহানগরের সব ওয়ার্ড কমিটির সঙ্গে আমার যোগাযোগ রয়েছে।’