হাসিনা-খালেদার বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করবেন না কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমি জামায়াতের সঙ্গে রাজনীতি করব না। বঙ্গবন্ধুর রাজনীতি নিয়ে আমি মরতে চাই।’ তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, তাতে তিনি কখনো জড়িত হবেন না এবং সে সম্পর্কে জানতে পারলে জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে রক্ষা করার চেষ্টা করবেন। একইভাবে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রও তিনি সহ্য করবেন না।
আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘসময় আলোচনা হয়েছে। সব বিষয়ে একমত না হলেও খালেদা জিয়ার কথায় তিনি খুশি হয়েছেন। জাতীয় প্রশ্নে তাঁর সঙ্গে খালেদা জিয়ার খুব একটা অমিল নেই।
কাদের সিদ্দিকী বলেন, বৈঠকের আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত আগামীকাল বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে তিনি জানাবেন। তিনি বলেন, তিনি বিএনপি চেয়ারপারসনের আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। দেখা করতে আসতে গিয়ে তাঁকে অনেক বাধা ও আপত্তির মুখে পড়তে হয়েছে। তবে কোনো ধরনের বাধা বা কার পক্ষ থেকে এ বাধা সে ব্যাপারে তিনি কিছু জানাননি।
কাদের সিদ্দিকী বলেন, প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু সময় খালেদা জিয়ার সঙ্গে তাঁর একান্ত আলাপ হয়েছে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা কীভাবে দূর করা যায় এবং জাতিকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায় তা নিয়ে আলোচনা ও পরামর্শ করার জন্যই কাদের সিদ্দিকীকে বিএনপি চেয়ারপারসন আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য তিনি কাদের সিদ্দিকীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
কৃষক শ্রমিক জনতা লীগের একটি সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের বিভিন্ন সময়ের কটূক্তি এবং ১৫ আগস্টে খালেদা জিয়ার ঘটা করে জন্মদিন পালনের বিষয়টিও আলোচনায় আসে। এগুলো না করার জন্য তাদের দলকে পরামর্শ দেওয়া হয়।
আজ রাত আটটার দিকে কাদের সিদ্দিকী স্ত্রী নাসরিন সিদ্দিকী ও দলের মহাসচিব হাবিবুর রহমানসহ নয়জন সদস্য নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।
আরও পড়ুন:
খালেদার বাসায় কাদের সিদ্দিকী, কথা হবে ঐক্য নিয়ে