হাসিনা খুনি আ.লীগ খুনের দল: ফখরুল
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খুনি, তাঁর দল আওয়ামী লীগ একটি খুনের দল হিসেবে পরিচিত; সারা জাতি ও বিশ্ববাসী তা জানে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। এর আগে গত শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে খুনিদের দল এবং খালেদা জিয়া ও তারেক রহমান খুনি বলে আখ্যায়িত করেছিলেন। এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল বিএনপি এ সংবাদ সম্মেলন ডাকে।
মির্জা ফখরুল বলেন, ‘সমগ্র জাতি জানে গণতান্ত্রিক আন্দোলনে গত নভেম্বর থেকে জানুয়ারি মাসে শেখ হাসিনার পেটোয়া বাহিনী পাঁচ শতাধিক আন্দোলনরত নেতা-কর্মীকে র্যাব-পুলিশকে দিয়ে হত্যা করেছে। ৬৫ জনকে গুম করা হয়েছে। শেখ হাসিনা নিজে খুনি, তাঁর দল খুনের দল। শত শত নিরীহ তরুণের রক্তে তাঁর হাত রঞ্জিত।’ তিনি দাবি করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য বিচার-প্রক্রিয়াকে শুধু প্রভাবিতই করছে না, বিভ্রান্তও করছে। তাঁর বক্তব্য আদালত অবমাননার শামিল।
২১ আগস্ট গ্রেনেড হামলাকে ‘জঘন্যতম হামলা’ বলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন এ ঘটনার নিন্দা জানিয়েছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করার চেষ্টা করেছে। বিএনপি এখনো চায়, এ ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটিত হোক।
বিএনপি সরকারের সময় ‘জজ মিয়া নাটকের’ বিষয়টি কীভাবে দেখেন —এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ওই (জজ মিয়ার) তদন্ত ছিল একটি সংস্থার তদন্ত। তিনি এই মামলার পরবর্তী অবস্থা দেখার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন। তিনি দাবি করেন, ‘তারেক কোনোভাবেই জড়িত ছিলেন না। তত্ত্বাবধায়ক সরকারের সময় যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাতেও তারেকের নাম আসেনি। আওয়ামী লীগ সরকারের আমলে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে তারেককে জড়ানো হয়।’