হাসিনা বললেন জয় পদেই আছে, আগ্রহ নেই জয়েরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সজীব ওয়াজেদ জয় এখনই অনেক গুরুত্বপূর্ণ পদে আছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব পর্যায়ের পদে সজীব ওয়াজেদ জয়কে অন্তর্ভুক্তি করতে কাউন্সিলরদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা এ কথা বলেন। গতকাল কাউন্সিলের প্রথম দিন এবং আজ সমাপনী দিনে এখন পর্যন্ত ৪১ জন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন। তাঁদের দু–একজন ছাড়া বাকি সবাই জয়কে নেতৃত্বে আনার দাবি জানান।
মাঠের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, ‘ও তো আমার উপদেষ্টা। জয় এখনই গুরুত্বপূর্ণ পদে।’ এদিকে আজ দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটিতে আসার ব্যাপারে জয় নিজেও তাঁর অনাগ্রহের কথা বলেছেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে জয় ইতিমধ্যে প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রবক্তাও জয় বলে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

আজ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের গবেষণা সেল সিবিআইয়ের স্টল পরিদর্শনের সময় জয় সাংবাদিকদের বলেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক নয়। তিনি বলেন, তিনি দেশের জন্য কাজ করে যেতে চান।

জয় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী। বেশির ভাগ সময় বিদেশেই থাকেন তিনি।