হাসিনা সরকার কচু পাতার পানি নয়: হানিফ
শেখ হাসিনার সরকার কচু পাতার পানির মতো টলমলে না, এর ভিত অনেক মজবুত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাড়িতে নবগঠিত জেলা আওয়ামী লীগ ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন হানিফ।
ধাক্কা দিলেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে হানিফ এ মন্তব্য করেন।
মাহবুব উল আলম হানিফের দাবি, বর্তমানে বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল এবং এই সরকারের সঙ্গে আছে। সেটা বিভিন্ন জরিপের ফলাফলে চলে আসছে। এই সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটানো যাবে—এটা যাঁরা মনে করেন, তাঁরা বোকার স্বর্গে বাস করেন।
হানিফ আরও বলেন, সরকারে কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার বিধান নেই, যাঁরা এই বিধান লঙ্ঘন করেছেন, তাঁদের বিরুদ্ধে সরকার অবশ্যই আইনি ব্যবস্থা নেবে।
হানিফ অভিযোগ করে বলেন, এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, বিএনপি ও জামায়াত এই দেশ, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত। এই ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর সুযোগ নেই।
মতবিনিময় অনুষ্ঠানে নবগঠিত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর কমিটির সভাপতি তাইজাল আলী খান, নবগঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অমিত কুমার দাসসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।