হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। তত্ত্বাবধায়ক না হোক, যেকোনো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি। তবে শেখ হাসিনা সরকারের অধীনে নয়। নির্বাচনের মাঠে সব দলের সমান সুযোগ না থাকলে সেখানে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।

গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জের কলাকোপা কোকিলপ্যারি উচ্চবিদ্যালয়ের মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, ভোটারবিহীন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে কোনো ভুল করেনি। বরং শেখ হাসিনার সরকারই বিশ্বদরবারে প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান সরকার দেশের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা আঁকড়ে রাখতে চাইছে।

ঢাকা জেলা বিএনপির সহসভাপতি সাহাবউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ময়মনসিংহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলম, ঢাকা জেলা বিএনপির নেতা নওয়াব মোল্লা, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।