হাসিনাকে খালেদার ধন্যবাদ

সমবেদনা জানাতে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। আজ শনিবার রাতে ‘ঘুম থেকে জেগে’ তিনি এ মনোভাব ব্যক্ত করেন বলে তাঁর প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান।
খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের ভেতর মারুফ কামাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রেস সচিব বলেন, খালেদা জিয়া মানসিক ও শারীরিকভাবে বিপর্যয়ের মধ্যে আছেন। তিনি শোকার্ত ও অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ঘুম থেকে জেগে যখন তিনি জানলেন প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি তাঁকে আসার জন্য ধন্যবাদ জানান।
মারুফ কামাল বলেন, খালেদা জিয়া তাঁদের বলেছেন, এরপর যখনই প্রধানমন্ত্রী আসতে চাইবেন তখনই তাঁকে স্বাগত জানানো হবে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুতে খালেদা জিয়া সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন। এটা কোনো রাজেনৈতিক বিষয় নয়।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিসকে জানানো হয়েছিল, তাই এখানে প্রস্তুতি ছিল না। জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন না। প্রধানমন্ত্রী অচমকা এসেছেন। প্রধানমন্ত্রীকে অসৌজন্য দেখানো হয়নি। যাই হোক প্রধানমন্ত্রী এসেছেন এটাই বড় কথা, তাঁকে ধন্যবাদ।’