শেখ হাসিনাকে খুনি বলায় ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল বলে বক্তব্য দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সহসভাপতি এস এম নূর-ই আলম সিদ্দিক গতকাল সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ নালিশি মামলা করেন।
মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে ১৫ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, গত ২৪ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল বলে বক্তব্য দেন। এ ধরনের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিকভাবে মান ও সম্মানের হানি হয়েছে।
এ বিষয়ে বিএনপির আইনজীবী সাজ্জাদ হায়দার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়া সম্পর্কে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। এর জবাবে মির্জা ফখরুল ইসলাম রাজনৈতিক ব্যক্তি হিসেবে ওই বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক বক্তব্যের সূত্র টেনে এ ধরনের মামলা করাটা অনাকাঙ্ক্ষিত।