হাসিনাকে মারার প্রয়োজন নেই নিজ থেকেই শেষ হয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘হাসিনা যত দিন থাকবে, মানুষের কাছ থেকে তত নিগৃহীত হবে। হাসিনাকে কেউ মারতে চায় না। হাসিনাকে মারার প্রয়োজন নাই। হাসিনা নিজ থেকেই শেষ হয়ে যাবে। আল্লাহর তরফ থেকেই গজব নেমে আসবে।’ গতকাল শনিবার রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর বালুর মাঠে এক জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, বিডিআর হত্যা, গুম-খুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। একদিন বিচারের সম্মুখীন হতে হবে।
‘গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্তের প্রতিবাদ, খুন-গুম-নির্যাতন বন্ধ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ এ জনসভার আয়োজন করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
খালেদা জিয়া বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতে এক নারীকে আটক করা হয়েছে। বলা হচ্ছে, ওই বৃদ্ধ নারী নারীদের প্রশিক্ষণ দেন। নারীদের প্রশিক্ষণ দিত শায়খ আবদুর রহমানের স্ত্রী। তাহলে তাঁকে ধরা হলো না কেন? আওয়ামী লীগদলীয় মন্ত্রী মির্জা আজমের আত্মীয় হওয়ার কারণে কি তাঁকে ধরা হচ্ছে না?’
সুন্দরবনে ফার্নেস তেলবাহী জাহাজ দুর্ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, যে অয়েল ট্যাংকারের কথা বলা হচ্ছে, সেটি আসলে অয়েল ট্যাংকার নয়। বালু নিয়ে যাওয়ার জিনিস ওটা। এটি পরিকল্পিত ঘটনা। তেল দিয়ে সুন্দরবন ধ্বংস করে দিয়েছে। সেখানকার পশুপাখি মারা যাবে, পালিয়ে যাবে, জীববৈচিত্র্য নষ্ট হবে।
সরকারকে হুঁশিয়ার করে খালেদা জিয়া বলেন, যেদিন থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হবে, তার পরদিন থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। প্রয়োজনে কমাতে হবে। যদি বাড়ানো হয়, তাহলে আমরা আর বসে থাকব না। তখন কিছু বলার থাকবে না।’ তিনি বলেন, আন্দোলনের ডাক দিলে মা-ভাই-বোন সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। যে যেখানে আছে, যা কিছু হয়, রাস্তায় থাকতে হবে।
খালেদা জিয়া দাবি করেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতি মাসে দুই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় এক কোটি ৬০ লাখ টাকা নেন। তিনি জানতে চান, সে টাকা কোথায় যায়? তিনি উপস্থিত তরুণদের উদ্দেশে বলেন, ‘তরুণেরা, তোমরা প্রতিবাদ করতে পার না? তোমরা বেকার আর তাঁর ছেলে অ্যাডভাইজার। কিসের অ্যাডভাইজার, এত টাকা বেতন?’ তিনি বিচারকদের উদ্দেশ করে বলেন, ‘দুনিয়ায় বিচার করছেন। তারও ওপর একজন আছেন। যে অন্যায় করছেন, ফাঁসি দিচ্ছেন, তার জন্য আল্লাহর কাছে কঠিন শাস্তি পেতে হবে। ভুলে যাবেন না, এ দুনিয়া এক দিনের।’
বিএনপির চেয়ারপারসন তাঁর সঙ্গে বৈঠক করার অভিযোগে একজন যুগ্ম সচিবকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সমালোচনা করেন। তিনি বলেন, জনপ্রশাসনকে দলীয় করা হয়েছে। ভালো কর্মকর্তাদের চাকরি থেকে বের করে দিচ্ছে, না হলে ওএসডি করে রাখছে।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার জন্য খালেদা জিয়া আবারও সরকারদলীয় লোকজন ও র‌্যাবকে দায়ী করেন। তাঁর দাবি, সাতজন নয়, ১১ জনকে গুম করে খুন করা হয়েছে। এ ঘটনার আসল হোতাকে ধরা হচ্ছে না। র‌্যাবের যে কয়জন সদস্যকে ধরা হয়েছে, তাঁদের কারাগারে জামাই-আদরে রাখা হয়েছে।
খালেদা জিয়া আবারও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার ও বিচারের দাবি করে বলেন, তাঁকে ধরলে শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশের সব গুম-খুনের তথ্য বের হয়ে আসবে। এ কারণে তাঁকে ধরা হচ্ছে না।
খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকা ১৫টি মামলা তুলে নেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোও ভালোভাবে চালানো হচ্ছে না। তাঁকে ভয় দেখানোর জন্য এসব মামলা ব্যবহার করা হচ্ছে। মামলার ভয়ে এরশাদ বিড়াল সেজে চুপ করে যান।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন জোটের নেতা-কর্মীরা। সমাবেশস্থলের বাইরে রাস্তায়ও বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে। তবে জনসভাস্থলের উত্তর-পশ্চিম পাশের একটি বড় অংশ ছিল খালি।
সমাবেশস্থলে মঞ্চের সামনের একটি অংশজুড়ে ছিল জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। তাঁরা মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তির দাবিতে লেখা স্লোগান ও ছবিসংবলিত একটি বড় বেলুন উড়িয়ে রাখেন।
বেলা সাড়ে তিনটার দিকে জনসভাস্থলে পৌঁছান খালেদা জিয়া। ‘দেশের অবস্থা কি ভালো?’—এই প্রশ্ন ছুড়ে দিয়ে বিকেল চারটায় তিনি বক্তব্য শুরু করেন। নেতা-কর্মীরা জবাবে ‘না’ বলে সাড়া দেন। তখন তিনি বলেন, অত্যাচারী অবৈধ সরকার ক্ষমতায় থাকায় আজ দেশের এই অবস্থা। আওয়ামী লীগ জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ বোঝা সরাতে হবে। তাহলে দেশে শান্তি আসবে।
খালেদা জিয়া প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন। জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, জাগপার শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিজেপির আন্দালিব রহমান, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান প্রমুখ।