হাসিনাকে হত্যার নেশায় তৎপর বিএনপি: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ হাসিনাকে হত্যার নেশায় বিএনপি তৎপর রয়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা এ দাবি করেন।
আমির হোসেন আমু বলেন, বিএনপির আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের রক্ষা করা। শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এগিয়ে যাচ্ছেন। তাই তারা শেখ হাসিনা হত্যার নেশা নিয়ে তৎপর রয়েছে।
ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক দলীয় বা ব্যক্তিগত নয়। তাদের সঙ্গে আমাদের অন্য কোনো সম্পর্ক থাকলে স্বাধীনতার পরপরই এ দেশ থেকে ভারতীয় সৈন্য ফিরিয়ে নেওয়ার কথা বলতেন না বঙ্গবন্ধু। তারা মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল বলেই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। এর বেশি নয়।’
আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ জন্য জিয়ার মরণোত্তর বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।