হাসিনাবিরোধী নতুন স্লোগান তৈরির আহ্বান ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের প্রতি ‘গৎ​বাঁধা’ স্লোগান না দিয়ে ৯০ দশকের আদলে হাসিনাবিরোধী নতুন নতুন স্লোগান তৈরি করার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বক্তব্য শেষ করেন ‘নব্য স্বৈরাচার হাসিনা নিপাত যাক’ স্লোগান দিয়ে।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন হয়েছিল। ওই দিনটি উপলক্ষে বিএনপি এই আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এরশাদের আমলের চেয়ে দেশ এখন আরও ভয়াবহ স্বৈরাচারের যাঁতাকলে। তিনি বলেন, ‘হাসিনার বিরুদ্ধে স্লোগান উঠতে হবে। আওয়াজ তুলুন, “নব্য স্বৈরাচার হাসিনা নিপাত যাক।” উত্তর-দক্ষিণ স্লোগান না দিয়ে এ ধরনের স্লোগান দিতে হবে।’ তিনি বলেন, একদিনে স্বৈরশাসক এরশাদের পতন হয়নি। দীর্ঘ ৯ বছর সংগ্রাম করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে।
মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার এরশাদকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগ সভানেত্রী বেইমানী করে নির্বাচনে গিয়েছিলেন। তাঁর সে ঋণ শোধ করতে এরশাদ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রে আটক করার সময় পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যুর পর বিক্ষোভের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হয়, শত শত মায়ের কান্না শোনা যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা যায় না।
নেতা-কর্মীদের প্রতিদিন সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে দেশের অবস্থা তুলে ধরার পরামর্শ দেন মির্জা ফখরুল। তিনি বলেন, মানুষের কাছে তুলে ধরতে হবে প্রতিবাদ, বিদ্রোহ ছাড়া দেশ রক্ষা হবে না।
মির্জা ফখরুল বলেন, ‘শপথ নিতে হবে, কোনোভাবেই এদের ছাড় দেব না। বাধ্য করব, সবার অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির আন্দোলন যখনই দানা বাঁধে তখন সরকার বলে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি আন্দোলন করছে। তিনি দাবি করেন, বিএনপি কাউকে রক্ষা করার জন্য আন্দোলন করে না। বিএনপির আন্দোলন গণতন্ত্র রক্ষার জন্য। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সব দরজা–জানালা বন্ধ করে দিচ্ছে। তারা একদলীয় শাসনের দিকে যাচ্ছে।
মির্জা ফখরুল দাবি করেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। এ কারণে তারা কথায় কথায় ষড়যন্ত্র দেখে। দুঃস্বপ্ন দেখে—ষড়যন্ত্র হচ্ছে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব–উন–নবী খান প্রমুখ বক্তব্য দেন।