হাসিনাবিহীন নির্বাচন খালেদার আকাশকুসুম কল্পনা: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিহীন নির্বাচন বিএনপির খালেদা জিয়ার আকাশকুসুম কল্পনা। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, সংবিধানে কী লেখা আছে, তা পড়ে দেখেন। সমগ্র উন্নত বিশ্বে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে।

আজ বুধবার সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে নাসিম এসব কথা বলেন।

গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন বলেই দেশের সব খাতে পরিবর্তন হচ্ছে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এটা দেশবাসীর কাছে এখন স্পষ্ট হয়ে গেছে। এ কারণে শুধু ২০১৯ সালের নির্বাচন নয়, ২০২৪ সালের নির্বাচনেও জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি হোমিওসহ বিকল্প চিকিৎসা পদ্ধতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ভুয়া বিজ্ঞাপন দিয়ে যারা অপচিকিৎসা চালাচ্ছে তাদের খুঁজে বের করে প্রতিরোধ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসার ইমেজ অক্ষুণ্ন রাখতে হলে চিকিৎসকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ইমরুল কায়েসের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।