হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে, তবু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে যাবে না।
গতকাল রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় গয়েশ্বর এই মন্তব্য করেন। শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর বলেন, শুধু ক্ষমতায় যাওয়া বিএনপির লক্ষ্য নয়। তাঁদের আন্দোলন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন। এ জন্য তাঁদের আরও ত্যাগ স্বীকার করতে হবে।
আগামী সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন থাকবে না, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে গয়েশ্বর বলেন, এ ধরনের জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। মানুষের মনে এখন আর আওয়ামী লীগের জায়গা নেই। প্রতিপক্ষকে হাত-পা বেঁধে সাঁতার কাটতে দিলে হবে না। অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে নৌকার তলা ফেটে যাবে।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল রাজধানীর বিভিন্ন জায়গায় পরিচয়পত্র বিতরণ করেছেন বিএনপির নেতারা। ঢাকা মহানগর বিএনপি এই কর্মসূচি পালন করে। মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড্ডা নতুন বাজার, জাতীয় প্রেসক্লাব এলাকা, নয়াপল্টন, আসাদগেট, খিলগাঁও, পল্লবী, কারওয়ান বাজার, কোর্টকাচারি, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, ফার্মগেট, বনানী, গুলিস্তান, মহাখালী, সদরঘাট, চকবাজার, আজমপুর ও যাত্রাবাড়ী এলাকায় বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা প্রচারপত্র বিতরণ করেন।