শেখ হাসিনার পদত্যাগ ছাড়া ঘরে ফেরা নয়: তারেক
সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করে বিএনপির নেতা-কর্মীদের ঘরে ফিরতে বলেছেন তিনি।
গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের এট্রিয়াম হলে এক সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এ আহ্বান জানান। গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ শীর্ষক এই সভার আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের আগে তারেক রহমান এক ভিডিও বার্তা পাঠিয়ে নির্বাচন ঠেকাতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন। আর এবার তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের মাকে যদি কেউ তোমাদের কাছে আসতে না দেয়, তাহলে সন্তান হিসেবে তোমাদের কী করা উচিত? মাকে মুক্ত করা।’ সারা দেশের একটি এলাকা থেকে আরেকটি এলাকা এবং ঢাকার ভেতরে একটি জায়গা থেকে আরেক জায়গাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরামর্শও দিয়েছেন তারেক। তিনি বলেন, ‘যখন খবর পাবেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, ঠিক তখনই রাজপথ ছাড়বেন।’
আজ সোমবার বিএনপি ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ডাকা আন্দোলনে ঢাকাসহ সারা দেশে লাখ লাখ নেতা-কর্মী ঝাঁপিয়ে পড়েছে বলে দাবি করেন তারেক। তিনি বলেন, ‘আজ আমাদের নেতা-কর্মীরা রাস্তায়, তাদের গন্তব্য একটি। সেটি হচ্ছে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে ফিরিয়ে আনা।’ এই আন্দোলন থেমে গেলে দেশ ও দেশের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আন্দোলনে নিরীহ মানুষের যাতে ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকবেন।’
হলভর্তি নেতা-কর্মীদের অনুরোধে শুরুতেই বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যের ফাঁকে কয়েকবার জিজ্ঞেস করে নিশ্চিত হন যে, এই সভার কার্যক্রম বাংলাদেশে সরাসরি দেখানো হচ্ছে। স্লোগানরত নেতা-কর্মীদের কয়েকবার বলেন, ‘এই তোমরা থামো, দেশের মানুষকে শুনতে দাও।’
গত কয়েকটি সভায় বাংলাদেশের ইতিহাস নিয়ে নতুন তথ্য দিয়ে বিতর্ক ছড়ান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। বিজয় দিবসের সভায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’, ‘পাকবন্ধু’ ও ‘খুনি’ বলে মন্তব্য করেন। গতকালের সভায় ইতিহাস কিংবা বঙ্গবন্ধু সম্পর্কে তেমন কোনো মন্তব্য না করলেও তিনি অভিযোগ করেন, ‘শেখ মুজিব বাংলাদেশে হত্যা এবং দুর্নীতির রাজনীতি শুরু করেছিল, বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল এবং রক্ষীবাহিনী গঠন করে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করেছিল। বাবার মতো মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে সেনাবাহিনীকে ধ্বংস করেছে এবং ৫ জানুয়ারি তামাশার নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করেছে।’
পুলিশ ও র্যাব ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না—মন্তব্য করে তারেক রহমান বলেন, দু-একটি বিশেষ অঞ্চলের লোক দিয়ে পুলিশ বাহিনীকে চালানো হচ্ছে। তিনি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘এই দেশ আপনাদের কাছে জনগণের পবিত্র আমানত। অন্যায় আদেশ মানবেন না।’ ‘বেটার বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি তরুণ প্রজন্মের প্রতি ফেসবুক বাদ দিয়ে দেশ রক্ষার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
তারেক ২০০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশেষ বিবেচনায় কারাগার থেকে ছাড়া পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। অর্থপাচার ও ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বেশ কয়েকটি মামলার ফেরারি আসামি তিনি। ইতিহাস বিকৃতির অভিযোগে দেশের বিভিন্ন জেলায় ৪০টির বেশি মামলা হয়েছে।