হাসিনার ভিশন বাস্তবায়নে সুসংগঠিত হবে মহানগর আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সবাইকে নিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত নেতারা।

আজ সোমবার ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরই ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত নেতারা এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গতকাল রোববার ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকসহ থানা, ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। উত্তরে ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণে আবুল হাসনাতকে সভাপতি ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা দেন। কমিটি ঘোষণার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ও ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ’ নামে পরিচালিত হবে।
আজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর সময় সাবেক মন্ত্রী ফারুক খান ও আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির নেতারা উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন