হাসিনার মতো সাহসী নারী দেখিনি: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সাহসী নারী পৃথিবীতে আর দেখিনি। দলীয় সরকারের সাফল্যের ধারাবাহিকতার জন্য শেখ হাসিনার মতোই নারী বারবার দরকার। আজ শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, স্বাধীনতা বিরোধীরা কেবল জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ক্ষান্ত হয়নি, আওয়ামী লীগকে ধ্বংস করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরার পর তাঁকে বারবার হত্যা চেষ্টা চালিয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, ওই অপশক্তি গ্রেনেড ও গুলি ছুড়েও শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি। শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছেন দেশ ও দেশের মানুষের সেবা করার জন্য। দুনিয়াতে অনেক নারীদের বীরত্বের কথা শোনা গেলেও শেখ হাসিনা হচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম বীর। শেখ হাসিনার মতো সাহসী নারী পৃথিবীতে আর দেখিনি। দলীয় সরকারের সাফল্যের ধারাবাহিকতার জন্য শেখ হাসিনার মতোই নারীর বারবার দরকার।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভোট কারচুপি ও জালিয়াতি করে ক্ষমতায় আসেনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হবে। জনগণের ভোট নিয়ে পৌর নির্বাচনেও সারা দেশে জিতেছি। নির্বাচনে বারবার জিতি। ভবিষ্যতেও জয়ের এ ধারাবাহিকতা বজায় থাকবে। তাই তৃণমূল পর্যায় থেকে প্রার্থী বাছাইয়ের কাজটি করতে হবে। এ জন্য আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মীদের একযোগে কাজ করতে হবে। দলের ত্যাগী, পরীক্ষিত ও ভালো লোকদের মনোনয়ন দিলে আগামী ইউপি নির্বাচনেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত আসনের সাংসদ দিলারা বেগম আছমা, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজাল, জেলা বারের সভাপতি শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ সদরের নবনির্বাচিত পৌর মেয়র মাহমুদ পারভেজ কেন্দ্রীয়, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়কর খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদি প্রমুখ।