হিউম্যান রাইটস ফোরামের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য গৃহীত প্রকল্প বন্ধের দাবিতে ডাকা হরতালের সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
১৯টি বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকার ও নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত এইচআরএফবি গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তাতে বলা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত করে তুলছে।
এইচআরএফবি বলছে, সাধারণ নাগরিকের সাংবিধানিক অধিকার চর্চা ও পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর এমন হামলা নাগরিকের মৌলিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত, যা একেবারেই অগ্রহণযোগ্য। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এই ফোরাম।
একই সঙ্গে সম্প্রতি লালমনিরহাট ও নাটোরে সরকারদলীয় সমর্থকদের হাতে দুই স্কুল শিক্ষক নিগৃহীত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে এইচআরএফবির পক্ষ থেকে বলা হয়, এর আগে নারায়ণগঞ্জে একই ধরনের ঘটনার সঙ্গে জড়িত জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও কার্যকর কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। বিজ্ঞপ্তি।