হিজবুত তওহিদের অনুষ্ঠানে নৌমন্ত্রী প্রধান অতিথি
গত এপ্রিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার-সম্পর্কিত কমিটির বৈঠকে জানানো হয়েছিল, ধর্মভিত্তিক সংগঠন হিজবুত তওহিদকে নিষিদ্ধের চিন্তাভাবনা করছে সরকার। অথচ গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় এই সংগঠনের এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিগত দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলিকালে হিজবুত তওহিদের অনেক সদস্যকে আটক করে পুলিশ। এমন সংগঠনের অনুষ্ঠানে কীভাবে প্রধান অতিথি হলেন—পরে নৌমন্ত্রীকে এ প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন, ‘আমি জানতাম না।’ খানিক পরে তিনি বলেন, ‘এরা তো অনুষ্ঠান করছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তারা ২০১৩ সালে যে জ্বালাও-পোড়াও হয়েছিল, সেটার বিরুদ্ধে কথা বলছে। আমরা তাদের সাথে সহমত।’
‘সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হিজবুত তওহিদের মুখপত্র দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তির ব্যানারে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন হিজবুত তওহিদের প্রতিষ্ঠাতা প্রয়াত মো. বায়েজিদ খান পন্নীর মেয়ে ও দেশেরপত্র-এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহানা পন্নী। বক্তব্য দেন হিজবুত তওহিদের আমির ও দেশেরপত্র-এর উপদেষ্টা মসীহ উর রহমান।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টের মহাসচিব নির্মল রোজারিও, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মংগল চন্দ্র চন্দ, দেবেন্দ্রনাথ সাহা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভালনারেবল করুণা ভিক্ষুও উপস্থিত ছিলেন।