হিন্দুদের ওপর হামলা দেশের চেতনার বেদিমূলে হামলা: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বাংলাদেশের চেতনার বেদিমূলে হামলা এবং সরকারের ওপরও হামলা। এটি করে তারা সরকারের ওপর দোষ চাপাতে চেয়েছিল। এক ঢিলে দুই পাখি মারার মতো সরকারের সঙ্গে হিন্দু সম্প্রদায় এবং পার্শ্ববর্তী দেশের সম্পর্ক নষ্ট করার হীন উদ্দেশ্যে ষড়যন্ত্রকারীরা এই হামলাগুলো করেছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক এবং নওগাঁ জেলার সংসদ সদস্যরা সম্মেলনে বক্তব্য দেন।
হাছান মাহমুদ বলেন, ‘কোরআন শরিফ যে একজন মুসলমান যুবক রেখে এসেছিল, সেটি তো তদন্তে বেরিয়ে এসেছে। সে ধরা পড়লে বোঝা যাবে কার ইন্ধনে সে এটি করেছে। সবকিছু যখন দিবালোকের মতো স্পষ্ট হবে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখটা চুপসে যাবে।’
‘সরকার দেশকে বিরোধী দলশূন৵ করতে চায়’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক। শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রকে সংহত করে। দুঃখজনক হচ্ছে, আমরা চাইলেও বিএনপি শক্তিশালী হতে পারছে না। বিএনপির জোট থেকে অনেকেই পালিয়ে যাচ্ছেন, বিএনপির রাজনীতি অনেকে ছেড়ে দিয়েছেন। আপনারা জানেন যে বিএনপির কেন্দ্রীয় কমিটির অনেকে ঘোষণা দিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।’
কুমিল্লা ও পীরগঞ্জের ঘটনার প্রকৃতি সম্পর্কে জানতে চাইলে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। কারণ, বাংলাদেশের কোনো সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক নয়। সুতরাং যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো দুষ্কৃতকারীরা ঘটিয়েছে এবং এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এর পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল, সেটি সরকার দমন করতে সক্ষম হয়েছে।
এর আগে ধামইরহাট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতায় হাছান মাহমুদ বলেন, আজ দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি স্থিতি আছে, তখন আওয়ামী লীগকে বেকায়দায় ফেলার জন্য, প্রতিবেশীদের সঙ্গে আমাদের সুসম্পর্কের ওপর কালিমা লেপন করার হীন উদ্দেশ্যে দুর্গাপূজাকে উপলক্ষ করে বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা হয়েছে। সরকার দৃঢ় হাতে তা দমন করেছে। আপাতত এই দুষ্কৃতকারীরা নিবৃত্ত হয়েছে মনে হলেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।